দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। -খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গাইবান্ধা
গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানিপাড়ায় গত বুধবার বিদ্যুত্স্পৃষ্টে বাবু মিয়ার ছেলে শাহরিয়া হাফিজ শিমুল (১২) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে গাইবান্ধা শাহীন মডেল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র।
ঘটনার দিন দুপুরে আটকে যাওয়া ঘুড়ি গাছ থেকে নামাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে পুকুরে পড়ে গিয়ে সে মারা যায়।
নড়াইল
জেলার সদর উপজেলার সীমাখালী গ্রামে গত বুধবার দুপুরে পুকুরে গোসল করতে গিয়ে আতিয়ার বিশ্বাসের ছেলে ইয়াসিন বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
ছাতক (সুনামগঞ্জ)
ছাতকে ইউনিয়নের হাজী করম আলী উচ্চ বিদ্যালয় এলাকায় গত বুধবার দুপুরে ডোবায় বিদ্যুত্স্পৃষ্টে তোফাজ্জল রহমান (৮০) নামে এক ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, আয়না মিয়া ও শিবুল। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাগেশ্বরী (কুড়িগ্রাম)
নাগেশ্বরী পৌর এলাকার হাসেম বাজার মাঝিপাড়া গ্রামে গত বুধবার ফাঁসিতে শান্তিয়া দাশ (৫২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেন।
