সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৬
জিয়ানগরে জেলা প্রশাসকের মতবিনিময় জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ জিয়ানগর উপজেলা হল রুমে গত বৃহস্পতিবার পিরোজপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও সিদ্ধার্থ শংকর কুণ্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, আ. খালেক গাজী, অ্যাডভোকেট এম. মতিউর রহমান, শাহিদা বেগম, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন, শাহ আলম প্রমুখ। পরে জেলা প্রশাসক পত্তাশী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। সৈয়দপুরে তিন মাদক বিক্রেতার কারাদণ্ড সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা বিক্রির দায়ে এক নারীসহ তিন ব্যক্তির ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও আগের দিন বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ওই সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর শহরের ইসলামবাগ রসুলপুর এলাকার আফছার আলী (৫৫), তার স্ত্রী শাবানা বেগম (৩০) ও মোহাম্মদ আলী (৪৫)। বেতাগীর রাজিয়া সুলতানা জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা বেতাগী (বরগুনা) সংবাদদাতা \ প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রাজিয়া সুলতানা রিনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা-২০১৩ শিক্ষা পদক লাভ করেছেন। বর্তমান সরকারের শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে তার উপর অর্পিত দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধকরণে সচেষ্ট ছিলেন। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে বরগুনা জেলায় এক সভায় তাকে শ্রেষ্ঠ শিক্ষিকার পদে নির্বাচিত করা হয়। ভূঞাপুরে ছাত্রদল সভাপতি আটক ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মো. সোহেল মিয়াকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার রাউত্বাড়ি গ্রামের আ. গনি আকন্দের ছেলে। এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রবিউল ইসলাম বলেন, সন্দেহজনক হিসেবে তাকে আটক করা হয়েছে। গত বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে হামলায় আহত ১০ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার বালিয়া ইউনিয়নের সূত্রাপুর গ্রামের প্রবাসী বাবুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের খবর পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা যায়। আহতদের সাটুরিয়া ও মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি জানায়, ওই একই গ্রামের একটি ক্ষেতে গত মঙ্গলবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নেত্রকোনায় নারী উন্নয়ন বিষয়ক সেমিনার নেত্রকোনা প্রতিনিধি \ এডাব নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বেসরকারি সংগঠন সেরা কার্যালয়ে ‘জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ২০১১” অবহিতকরণ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। গত বুধবার এডাবের সভাপতি এসএ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার (উপ-সচিব)। এ বিষয়ে আলোচনা করেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, এডাবের সম্পাদক আবু তাহের, মহিলা পরিষদের সম্পাদক রেহেনা সিদ্দিকী এবং প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান। ডোমারে মাদক সম্রাট গ্রেফতার ডোমার (নীলফামারী) সংবাদদাতা\ নীলফামারীর ডোমার উপজেলায় মাদক সম্রাট সফিয়ারকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত বুধবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার বাজার থেকে ডোমার থানার এ এস আই মোঃ আব্দুল ওয়াহাব তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে। সে ডোমার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র। সাভারে ১৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ইত্তেফাক রিপোর্ট \ গতকাল বৃহস্পতিবার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ কোটি ১৬ লাখ টাকার ৮ টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ এ কাজের উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্পের মধ্যে নবীনগর- কালিয়াকৈরের শ্রীপুর-কাশিমপুর সড়ক, কুটুরিয়া-বাগাবাড়ি বাজার সড়ক, জামগড়া বাজার , চিত্রাশাইল কান্দাইল কাঠগড়া সড়ক, কুমকুমারী সাধুবাড়িসহ ৮ টি প্রকল্প। খালিয়াজুরীর নদীতে ১৫টি ঘের ভেঙ্গে দিয়েছে আদালত নেত্রকোনা প্রতিনিধি ও খালিয়াজুরী সংবাদদাতা \ নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীর উন্মুক্ত ধনু নদীতে অবৈধভাবে নির্মিত ১৫টি বাঁশের ঘের ভ্রাম্যমাণ আদালত ভেঙ্গে দিয়েছে। গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটনের নেতৃত্বে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত দিনব্যাপী অভিযান চালিয়ে ঘেরগুলো ভেঙ্গে দেয়। জানা গেছে, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বেআইনীভাবে তৈরি করেছিলেন এগুলো। এসব ভেঙ্গে দেবার ফলে প্রকৃত মত্স্যজীবীরা এখন মাছ ধরতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উখিয়ায় সন্দেহভাজন রোহিঙ্গা জঙ্গি আটক উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ উখিয়া থানা-পুলিশ গত বুধবার মধ্যরাতে কুতুপালং-এ অবৈধ রোহিঙ্গা বস্তিতে বসবাসরত দিল মোহাম্মদের পুত্র মাষ্টার ইকবাল (৩৬) নামের সন্দেহভাজন এক রোহিঙ্গা জঙ্গিকে আটক করেছে। জানা গেছে, তার বিরুদ্ধে ক্যাম্পে অবৈধভাবে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বিদেশি অনুদানের টাকা প্রদানসহ জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। গাজীপুরে ৭৪ জনের নামে মামলা গাজীপুর প্রতিনিধি \ হরতালের প্রথমদিন গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় একটি বাস ভাংচুর করে অগ্নিসংযোগের ঘটনায় গত মঙ্গলবার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। এতে জেলা যুবদল নেতা শওকত হোসেন বাবুসহ বিএনপি-জামায়াতের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে এসআই মুক্তি মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। জয়দেবপুর থানার পুলিশ জানায়, সোমবার রাত ৭টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে যানবাহন ভাংচুর করে একটি বাসে আগুন দেয় এজাহারভুক্ত আসামিরা। জগন্নাথপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ জগন্নাথপুর উপজেলায় ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু করা হয়েছে। উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষণ হলে সোমবার থেকে শুরু হওয়া ১২দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন। প্রশিক্ষণ প্রদান করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা রিসোর্স (ইউ আর সি) ইন্সপেক্টর হারুনুর রশীদ চৌধুরী। ইউ আর সি ইন্সপেক্টর হারুনুর রশীদ চৌধুরী জানান, বুধবার ১ম ব্যাচের ৩দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। আলফাডাঙ্গায় যুবকের কারাদণ্ড আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের হালিম মোল্যার ছেলে কাছেদ মোল্যা (২২) এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। জানা যায়, একই গ্রামের ৫ম শ্রেণির ছাত্রী (১১) কে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো। এ ব্যাপারে স্থানীয়ভাবে একাধিক বার সালিশ বিচার হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই যুবক পুনরায় আবার উত্ত্যক্ত করলে মেয়ের অভিভাবক ইউএনও বরাবর অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ কাছেদকে গ্রেফতার করে। তালায় দুর্যোগ ও ঝুঁকি হ্রাস বিষয়ে প্রশিক্ষণ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে তালা উপজেলার ইসলামকাটি ও খলিলনগর ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আপদকালীন পরিকল্পনা, দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি হ্রাস পরিকল্পনার উপর পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রশিক্ষণ অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার মোঃ সামছুল আলম। এসময় উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু এবং ডব্লিউজেসিসির প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ আলাউদ্দীন প্রমুখ । ধামরাইয়ে ডি-লিংক মালিক-শ্রমিকদের বিক্ষোভ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ হরতাল চলাকালে টার্মিনালে রাখা ডি-লিংক পরিবহনের ২টি বাস কে বা কারা পুড়িয়ে ফেলায় সরকারের কাছে এর প্রতিকার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে পরিবহন সংস্থাটির মালিক ও শ্রমিক পক্ষ। ডি-লিংক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার হুলীভিটা বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। চেয়ারম্যান রতন ডি-লিংককে একটি অরাজনৈতিক পরিবহন সংস্থা বলে উল্লেখ করেন এবং সরকারের কাছে গাড়ি পোড়ার ঘটনার যথাযথ প্রতিকারের দাবি জানান। নবীনগর প্রেসক্লাবে ইউএনও’র মতবিনিময় নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার শিশুপার্ক নির্মাণ, শিল্পকলা একাডেমি ও গণপাঠাগার পুনরায় চালুসহ সার্বিক অবকাঠামো উন্নয়ন নিয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু শাহেদ চৌধুরী গত মঙ্গলবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সাংবাদিকরা পৌর এলাকার রাস্তাঘাট, ল্যাম্পপোস্ট বাতিসহ নানান সমস্যার চিত্র তুলে ধরলে তা সমাধানের আশ্বাস দেন তিনি। প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার, এ, কে আজিজুল ইসলাম বাচ্চু, আসাদুজ্জামান কল্লোল, আরিফুল ইসলাম মিনাজ, তাজুল ইসলাম চৌধুরী, ডা. নজরুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু প্রমুখ । ভান্ডারিয়া অফিসার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ ভান্ডারিয়া অফিসার্স ক্লাবের নির্বাচন গত বুধবার রাতে ক্লাব কার্যালয় সম্পন্ন হয়। এতে সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কাজি মাহবুবুর রশিদ, সহ-সভাপতি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন হাজরা, কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক যুব উন্নয়ন অফিসার মো. সোহরাব হোসেন, সহ-সাধারণ সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নাসির উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক সমাজ সেবা অফিসার মো. মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক শিক্ষা অফিসার এবিএম রফিকুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওসি মো. মতিউর রহমান, দপ্তর সম্পাদক সমবায় অফিসার বীরেন বসু, কোষাধ্যক্ষ বিআরডিবি অফিসার মো. ইয়ারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির স্থায়ী এক নং সদস্য সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনমত শাহা, উপজেলা প্রকৌশলী মো. আ. মান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, ম্যানেজার অগ্রণী ব্যাংক দীপক বড়াল, ম্যানেজার সোনালী ব্যাংক মো. আবদুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীনসহ ৬ ইউপি চেয়ারম্যান পদাধিকার বলে সদস্য হিসেবে নির্বাচিত হন।