দুদকের তৃতীয় দফা তলবেও হাজির হননি রুহুল হাওলাদার

আপডেট : ২০ মে ২০১৯, ১৯:৫৭

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদে তৃতীয় দফা তলবেও হাজির হননি জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। 

সোমবার দুদকে তার জিজ্ঞাসবাদের কথা ছিল। তিনি অনুপস্থিতির কারণ হিসেবে ওমরা করতে যাওয়ার প্রস্তুতির কথা জানিয়ে দুদকে সময় আবেদন করেন। ওই আবেদনে ঈদের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করা হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচার্য জানিয়েছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, সোমবার সকালে রুহুল আমিন হাওলাদারের কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি না এসে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি ওমরা হজ করতে সৌদি আরবে যাওয়ার কারণ উল্লেখ করেছেন। তিনি চিঠিতে বলেছেন, উমরা হজের আনুষ্ঠানিকতা শেষ করে ঈদের পর দুদকের অনুসন্ধান কাজে সহযোগিতা করবেন। তিনি আরো বলেন, কমিশনে এ চিঠিটি জমা রয়েছে, তবে কমিশন কোনো সিদ্ধান্ত জানায়নি। আইন অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন: তাজিক কারাগারে দাঙ্গা লাগালো আইএস, নিহত ৩২

দুদক সূত্র জানায়, সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের একাধিক প্লটের মালিক হওয়াসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে দুদকে। এসব অভিযোগ তদন্তের জন্য ২০১৮ সালের ১৩ সেপ্টেম্বর রুহুল আমিন হাওলাদারকে প্রথম তলব করে দুদক। কিন্তু সে সময় নির্বাচনের প্রস্তুুতির কারণ দেখিয়ে দুদকে হাজির না হয়ে তিনি হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। এরপর তাকে ফের চিঠি পাঠান দুদকের উপপরিচালক সৈয়দ আহমদ। ২৮ মার্চ হাওলাদারকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয় নোটিশে। ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাওলাদার রিট আবেদন করলে আদালত প্রাথমিক শুনানি নিয়ে চার সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছিল। এরপর সে স্থগিতাদেশটি গত ২৮ এপ্রিল স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে হাওলাদারকে দুদকের জিজ্ঞাসাবাদে আর কোনো আইনি বাধা থাকলো না দুদকের আইনজীবীরা জানান। 

উচ্চ আদালতের রায়ের পর তাকে তৃতীয় দফা তলব করা হয়। ওই তলবী নোটিশে সোমবার তার জিজ্ঞাসাবাদের কথা ছিল। 

ইত্তেফাক/এমআই