ভারতে চলমান হিরো ইন্ডিয়ান ওপেনে গতকাল বৃহস্পতিবার প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। প্রথম দিন শেষে নিজের পারফরম্যান্স নিয়েই সন্তুষ্টির কথাই জানালেন দেশ সেরা এই গলফার।
অনেকটা আক্রমণাত্মক ভঙ্গিতে থাকা সিদ্দিকুরের সাথে পারের চাইতে ছয় শট কম খেলে যৌথভাবে প্রথম স্থানে আছেন ভারতের রাহিল গাংজি টুর্নামেন্টের ২০০৪ আসরের চ্যাম্পিয়ন সিঙ্গাপুরের মার্দান মামাত এবং আরো তিনজন।
নিজের পুরনো প্রথাগত স্টাইল বদলে অনেকটাই আক্রমণাত্মক হয়ে ওঠা সিদ্দিকুর নিজেও সন্তুষ্ট তার পারফরম্যান্সে। মালয়েশিয়ায় কয়েক দিন আগে সিআইএমবি ক্লাসিক টুর্নামেন্টে দুই মেজর চ্যাম্পিয়ন কিগান ব্রাডলি এবং বুবা ওয়াটসনের খেলা দেখেই এই শিক্ষা জানিয়ে সিদ্দিকুর সংবাদ মাধ্যমকে বলেন, ‘তারা অনেক আক্রমণাত্মক খেলেন। সবাই বল মারতে পারে কিন্তু তাদের মতো করে মারাটা মোটেই সহজ নয়। আর ঐ টুর্নামেন্টের পরেই আমি আক্রমণাত্মক খেলার কথা ভাবতে শুরু করি এবং তার ফলটা দেখতেই পাচ্ছেন।’
দিল্লি গলফ ক্লাবে অতীতের ভালো রেকর্ড ধরে রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সিদ্দিক আরো বলেন, ‘এই গলফ কোর্সে অতীতে আমার দারুণ কিছু স্মৃতি আছে। কোন সন্দেহ নেই এটি অন্যতম প্রিয় একটি মাঠ এবং এখানে খেলাটা আমি সবসময়ই উপভোগ করি। যেসব কোর্সে আপনাকে বল জায়গা মতো বসিয়ে খেলতে হয় সেসব জায়গায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানেও ব্যাপারটা তেমনই। আর সেকারণেই এখানে আমার রেকর্ডটা ভালো (তুলনামূলকভাবে)। আশা করি এবারও সেটা ধরে রাখতে পারবো।’
উল্লেখ্য, এই টুর্নামেন্টে দুইবার রানার্স আপ হওয়াসহ ছয়বার শীর্ষদশে ছিলেন সিদ্দিকুর।
