পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক তার দলের টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে নিজেদের দায়িত্ব পালনের উপর জোর দিতে বলেন। আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডে পাকিস্তানের জন্য আজ সিরিজ বাঁচানোর লড়াই। পাঁচ ম্যাচের এই সিরিজের আগের তিন ম্যাচের দুটিতে জয় নিয়ে ২-১ এ এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাই এই সিরিজে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই মিসবাহ-উল-হকের দলের সামনে।
প্রথম ম্যাচে আফ্রিকার ছুঁড়ে দেয়া ১৮৪ রান তাড়া করতে ব্যর্থ হয় পাকিস্তান। জয়ের দ্বারপ্রান্তে থেকেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র এক রানে পরাজিত হয় মিসবাহ’র দল। পাকিস্তান অধিনায়ক মনে করেন তার দলের মূল সমস্যা ব্যাটিংয়ে, ‘এটা সেই পুরাতন গল্প। আমার মনে হয়, সিরিজে জয়ের জন্য আমাদের ব্যাটিং নিয়ে ভাবার কোনো বিকল্প নেই। আমাদের ব্যাটসম্যানরা শুরুটা ভালভাবে করলেও তা বড় ইনিংসে পরিণত করতে পারছে না। তারা জয়ে ভূমিকা রাখতে পারছে না।’
সিরিজের সর্বশেষ ম্যাচেও ভাল শুরু করে বাজেভাবে হেরেছে পাকিস্তান। এর দায়ভার মাথায় নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক, ‘ভালভাবে শুরু করেও আমরা হেরেছি। তারপর আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। এমন কেন হচ্ছে তা বুঝতে পারছি না। পেশাদার খেলোয়াড় হিসেবে সেট হওয়ার পর ইনিংসটাকে আরো এগিয়ে নেয়া উচিত।’
আগের তিন ম্যাচে আট উইকেট নিয়ে চলতি সিরিজে আফ্রিকার সব থেকে সফল বোলার পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার ইমরান তাহির। প্রোটিয়া অধিনায়ক এবি ডিভিলার্স এই স্পিনারের প্রশংসা করে বলেন, ‘সে একজন বিশ্বমানের বোলার। তাকে দলে পাওয়া দারুণ একটা ব্যাপার।’ ডিভিলার্স এসময় তার দলের ব্যাটসম্যানদেরও প্রশংসা করেন। এই দুই দলের মধ্যকার চলতি ওয়ানডে সিরিজটা এখনো পর্যন্ত গত মার্চ এবং ২০১০ সালের পুনরাবৃত্তি! ওই সিরিজ দুটিও পাঁচ ম্যাচের ছিল। প্রথম এবং তৃতীয় ওয়ানডেতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় এবং চতুর্থটি জিতে পাকিস্তান। আজ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিতে পারলে আগের দু’বারের পুনরাবৃত্তি ঘটবে। তবে আগের দু’বারই শেষ ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে সিরিজ জিতে নেয় আফ্রিকা।
