বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। আসামির পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য ১১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্কের শুনানি করেন দুদকের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল।
রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপনকালে তিনি আদালতে বলেন, মামলার সাক্ষিদের সাক্ষ্য থেকে সুস্পষ্টভাবে আসামিদের অর্থ পাচারের বিষয়টি প্রমাণিত হয়েছে।
এদিকে তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দেয়ার আবেদন করেন তিনি।
চলতি বছরের ২৬ মে একই আদালত ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
