গণমানুষের সামগ্রিক মুক্তির জন্য প্রযুক্তির গণমুখী ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। গণপ্রকৌশল দিবস’১৩ ও আইডিইবি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে ঢাকায় আইডিইবি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে সংগঠনের নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি এ কে এম এ হামিদ। উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম আবদুল মোতালেব, যুগ্ম সম্পাদক মো. ফজলুর রহমান খান, খন্দকার মাইনুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়-প্রযুক্তি নির্ভর বিশ্বসমাজ যখন একক গ্লে¬াবাল সমাজে রূপান্তরের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে, তখন অপার সম্ভাবনার সিঁড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ প্রযুক্তির গণমুখী ব্যবহারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে।
গণপ্রকৌশল দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে আজ ৮ নভেম্বর কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ১০টায় আইডিইবি ভবনে শোভাযাত্রাপূর্ব আলোচনা ও বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনসহ জাতীয় প্রেসক্লাবে সম্মুখে গমন। ১০ নভেম্বর বিকেল ৩টায় নবীন প্রবীণ সদস্য প্রকৌশলী ও পরিবারের সদস্যদের পারিবারিক সম্মিলন, ১৩ নভেম্বর বিকাল ৩টায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে ঢাকায় আইডিইবি ভবনে ‘উন্নয়ন ও সমৃদ্ধির জন্য গণমুখী প্রযুক্তি-
রাজনৈতিক সিদ্ধান্তের গুরুত্ব’ শীর্ষক আলোচনা, ৮ থেকে ১০ নভেম্বরের মধ্যে জেলার উদ্যোগে জেলা সদরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা, ৯ থেকে ১৪ নভেম্বরের মধ্যে সকল জেলায় জেলা কমিটির উদ্যোগে নবীন-প্রবীণ সদস্য প্রকৌশলী ও পরিবারের সদস্যদের সম্মিলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত সদস্য প্রকৌশলীদের সংবর্ধনা ও আলোচনা উল্লেখযোগ্য।
