মেহেরপুর জেলায় এবার আগাম কপির চাষ করে লাভবান হয়েছে চাষীরা। বাজারদরও ভালো। এ সময় কপির চাহিদা থাকায় ব্যবসায়ীরা চাষীদের জমি থেকে কপি কিনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করছে। আগাম কপি চাষ করে লাভবান হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে চাষীদের। জানা যায়, এবার জেলায় আগাম কপির চাষ হয়েছে ৬৫০ হেক্টর জমিতে। একবিঘা জমিতে এবার ১৪/১৫ হাজার টাকা খরচ হয়েছে। চাষীরা ব্যবসায়ীদের কাছে ১০/১২ টাকা পিস অথবা একবিঘা জমির কপি ৪০-৫০ হাজার টাকায় বিক্রি করছে। ৩০-৩৫ হাজার টাকা লাভ করছে চাষীরা। তবে রোগ প্রতিরোধে ব্যর্থ কিছু চাষী ক্ষতিগ্রস্তও হয়েছে। পাতা পচা রোগ এবার অনেক চাষীকে ক্ষতিগ্রস্ত করেছে। এ রোগ যে জমিতে লেগেছিল সে জমিতে কিছুই হয়নি। চাষীদের অভিযোগ- এ ব্যাপারে কৃষি বিভাগের কোন সহায়তা পায়নি। জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ জানায়, এবার বৃষ্টি না হওয়ায় কিছু জমিতে লিপ লাইট রোগ দেখা দিয়েছিল। আমরা ছত্রাকনাশক ব্যবহার করার পরামর্শ দিয়েছি চাষীদের।
