কুমিল্লায় দুইজনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৪০
কুমিল্লায় দুইজনসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে গতকাল শুক্রবার সকালে ট্রাক চাপায় প্রকাশ চন্দ্র (৩০) নামে এক ব্যক্তি নিহত ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। নিহত প্রকাশ সদর উপজেলার আকচা গ্রামের চৌতন্য বর্মনের ছেলে। আহতরা হলেন, তোফায়েল হোসেন, যুবদলের সভাপতি কুসুমউদ্দিন ও আব্দুর রাজ্জাক। আহতদের মধ্যে দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় গতকাল শুক্রবার সকালে কাভার্ড ভ্যানের চাপায় নাজমুল হক (৪৫) ও তাহমিনা সুলতানা (২৪) নামে দুই মোটর সাইকেল আরোহী দুলাভাই ও শ্যালিকা মারা গেছেন। নিহতদের বাড়ি জেলার দাউদকান্দি উপজেলায়। দৌলতপুর (কুষ্টিয়া) দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার ও মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় শাকিল মণ্ডল (১৪) নামে এক ছাত্র ও পাওয়ার টিলার চালক শাকিলউদ্দিন (১৬) নামে দুইজন মারা গেছেন। জানা যায়, তেলবাহী ট্যাংকারের ধাক্কায় আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও জমি চাষ করার সময় পাওয়ার টিলার উল্টে গিয়ে চালক নিহত হন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে গত বৃহস্পতিবার বিকালে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. নাসির মিয়া (২৫) নামে এক বাইসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। তিনি সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মো. সিদ্দিক আলীর ছেলে। সেনবাগ (নোয়াখালী) সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজারে গতকাল শুক্রবার সকালে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মো. বাবু (১১) ও মো. কাউছার (১০) নামে দুই পথচারী নিহত ও ৭ জন আহত হয়েছেন। বাবু ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার রামনগর গ্রামের মো. লিটনের ছেলে এবং মো. কাউছার সেনবাগ উপজেলার দক্ষিণ শাহাপুর গ্রামের মো. কামালের ছেলে। জগন্নাথপুর (সুনামগঞ্জ) জগন্নাথপুরে বৃহস্পতিবার বিকালে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার ইমন দুলু, কিবরিয়া, আলমগীর হোসেন নামে তিন কলেজ ছাত্র আহত হয়েছে। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা জগন্নাথপুর ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।