গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার চলন্ত বাস থেকে ফেলে দিয়ে মো. আল-আমিন (২৫) নামে এক বাস যাত্রীকে চাপা দিয়ে হত্যা করে। নিহত ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার বুজরুক রুহিয়া গ্রামের মো. মুন মিয়ার ছেলে। এ ঘটনায় ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। ফলে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
জানা যায়, গাইবান্ধা থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি নিচে পরে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম মওলা, থানার ওসি জিয়া লতিফুল ইসলাম, ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
