ওয়ালমার্টের মজুরি বৈষম্য নিয়ে ব্যাপক বিক্ষোভ

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২০:৫২
বিশ্বের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল চেইন শপ ওয়ালমার্টের কর্মীদের মজুরি বৈষম্যের বিরুদ্ধে ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিক ইউনিয়নগুলোর আন্দোলনকারীরা। আর এই বিক্ষোভ বন্ধ করে স্থান ত্যাগ করার পুলিশি নির্দেশ না মানায় ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের চায়নাটাউনে ওয়ালমার্টের দোকানের সামনে এ ঘটনা ঘটে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই গ্রেপ্তার হওয়ার আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস পুলিশের মুখপাত্র গস ভিলানুয়েভা। বিক্ষোভের আয়োজক লস অ্যাঞ্জেলেস কাউন্টির লেবার ফেডারেশনের পরিচালক গ্লেন আরনোডো জানিয়েছেন, ওয়ালমার্টের মজুরি বৈষম্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে প্রতিবাদের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “ওয়ালমার্ট দীর্ঘদিন ধরে সম্পদের অসম বন্টনের উদাহরণ স্থাপন করে আসছে, যা এই মুহূর্তে দেশজুড়েই চলছে।” শান্তিপূর্ণ এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রায় সবাই ইউনিয়নের সদস্য, যাদের মধ্যে শিক্ষক ও নার্সরা ছাড়াও সামাজিক আন্দোলনকারী ও অন্যান্যরাও ছিলেন বলে জানান তিনি।