সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং এর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। মাত্র একদিন আগে লি বলেছিলেন, হ্যাকারদেরই ধরতে কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করবে। আন্তর্জাতিক হ্যাকিং দল অ্যানোনিমাসের হ্যাকাররা বৃহস্পতিবার রাতে লির ওয়েবসাইটটি হ্যাক করে।
স্থানীয় সংবাদ মাধ্যম এবং ব্লগাররা জানান, হ্যাকাররা প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে গাই ফাওয়েকস মাস্ক এর একটি ছবি পোস্ট করে রেখেছে। সেই সঙ্গে ‘আজ সিঙ্গাপুরের নাগরিক হতে পারাটা দারুণ’ কথাটি লেখা আছে।
ছবিটি একটি লেখার ওপরে দেখা যাচ্ছে। ওই লেখাতেই প্রধানমন্ত্রীকে কোট করে বলা হয়, হ্যাকারদের বিচারের আওতায় আনতে কর্তৃপক্ষ ‘সর্বোচ্চ চেষ্টা করবে।’
এ ব্যাপারে সিঙ্গাপুরের তথ্য-যোগাযোগ অধিদপ্তর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের মুখপাত্র বলেন, “পিএমও’র প্রধান ওয়েবসাইটটি এখনো কাজ করছে এবং যে পাতাটি হ্যাক করা হয়েছে সেটি পুনরায় ঠিক করার জন্য আমরা কাজ করছি।”
