দৃষ্টি ফিরিয়ে দেবে স্মার্টগ্লাস
ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের শিক্ষক স্টিফেন হিকস দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বানিয়েছেন অভিনব এক স্মার্টগ্লাস যা আংশিকভাবে হলেও ফিরিয়ে দিতে পারবে দৃষ্টিশক্তি। হিকসের তৈরি স্মার্টগ্লাসটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও দৃষ্টিপ্রতিবন্ধীদের জীবনে আশার আলো হিসেবে দেখা দিতে পারে এটি। প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সাময়িকী নিউ সায়েন্টিস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে নতুন এই স্মার্টগ্লাসটির খবর জানানো হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে অনেকেই আংশিকভাবে হলেও আলো এবং বস্তুর নড়াচড়া দেখতে পান। ঐ দৃষ্টিগ্রাহ্য তথ্যগুলোকেই ছবিতে রূপান্তর করবে স্মার্টগ্লাসটি। —রয়টার্স
ইথিওপিয়ায় হাসি দিবস
প্রাণভরা হাসি ভালো থাকার সবচেয়ে ভালো ওষুধ এমন কথা বহুদিন যাবত্ প্রচলিত আছে। ইথিওপিয়ার মানুষের জন্যে প্রাণভরে হাসির সেই সুযোগ নিয়ে এসেছে দেশটিতে হাসির একটি বাত্সরিক উত্সব। রাজধানী আদ্দিস আবাবায় এগারোতম জাতীয় হাসি দিবসে এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ, যাদের মধ্যে রয়েছেন অনেক শিক্ষার্থীও। সেই অনুষ্ঠানে গিয়েছিলেন বিবিসির এমানুয়েল ইগুয়েনজা। —বিবিসি
মহাকাশে গান গাইবেন গাগা
পপগায়িকা লেডি গাগা এবার গান গাইবেন এক স্পেস স্টেশনে। ২০১৫ সালে অনুষ্ঠিতব্য এক মিউজিক ফেস্টিভ্যালে গান পরিবেশন করবেন তিনি। ‘জিরো জি কলোনি হাই টেক মিউজিক্যাল ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হবে ২০১৫ সালে এবং সেখানে গান করবেন গাগা। তিন দিনের এই সংগীত উত্সব অনুষ্ঠিত হবে নিউ মেক্সিকোর স্পেসপোর্ট আমেরিকাতে। নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, উত্সবের তৃতীয় অর্থাত্ শেষ দিনে গান করবেন গাগা। — রয়টার্স
