মন্দ বা ক্ষতিজনক ঋণের পরিমাণ ৫০ হাজার টাকার নিচে হলে তা অবলেপন করতে মামলার প্রয়োজন হবে না। ঋণের পরিমাণ কম হলে মামলা বাবদ বেশি খরচ হয়ে যায় বলে নতুন এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়।
দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, আগে মন্দ বা ক্ষতিজনক মানে শ্রেণিকৃত হয়েছে এমন ঋণ অবলেপনের জন্য আদালতে মামলার নির্দেশনা ছিল। কিন্তু অনেক সময় বিশেষ করে ক্ষুদ্র অংকের ঋণের ক্ষেত্রে মামলা করতে হলে মামলার খরচের পরিমাণ ঋণের অংকের চেয়ে বেশি হয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে অবলেপনযোগ্য ৫০ হাজার টাকার নিচের ঋণ অবলোপন করতে মামলা নির্দেশনা প্রত্যাহার করা হলো। তবে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য নির্দেশনা অবশ্যই পরিপালন করতে হবে।
প্রসঙ্গত, ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের মধ্যে যেসব ঋণ মন্দ বা ক্ষতিজনক হয়ে যায় এবং সে অবস্থায় যদি ৫ বছর অনাদায়ী থাকে তাহলে তা অবলেপন করা হয়। সে ক্ষেত্রে ব্যাংকগুলো শতভাগ প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) রেখে খেলাপী ঋণকে অবলেপন (হিসাব থেকে বাদ দেয়া) হিসেবে ঘোষণা দেয় ব্যাংক। ফলে এ ঋণের অর্থ খেলাপী ঋণের মধ্যে বিবেচিত হয় না। তবে যে প্রতিষ্ঠান বা ব্যক্তির ঋণ অবলেপন করা হয় তা অবশ্যই ঋণ খেলাপী হিসেবে বিবেচিত হয়।
