হরতালে মানবাধিকার লঙ্ঘন করলে আইনী ব্যবস্থা :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:০৩
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সমপ্রতি ১৮ দলীয় জোটের দুই দফায় ১২০ ঘন্টা হরতাল চমরভাবে মানবাধিকার লংঘন করা হয়েছে। এই হরতালে ১৮ জন মানুষ হত্যা করা হয়েছে। হত্যার দায় হরতাল আহ্বানকারীদের নিতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে হরতালের মাধ্যমে কেউ মানবাধিকার লংঘন করলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। গতকাল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন (আইডিইবি) মিলনায়তনে গণপ্রকৌশল দিবস-২০১৩ ও আইডিইবির ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এবং সূচনা বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান। মহীউদ্দীন খান আলমগীর বলেন, প্রযুক্তির গণমুখী ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি সুনিশ্চিত করতে হবে। কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি নৈতিক দায়বোধ থেকে প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে গণমানুষের জীবনমানে প্রভাব বিস্তার করতে পারলেই প্রযুক্তির আবেদনে সকল পশ্চাত্ ধারণার অবসান ঘটবে। আলোচনার পর ‘গণমুখী প্রযুক্তিই গণমানুষের মুক্তি’ প্রতিপাদ্য করে বেলুন ও পায়রা উন্মুক্ত করে গণপ্রকৌশল দিবসের শোভাযাত্রার উদ্বোধন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর। প্রকৌশলীদের অংশগ্রহণে আইডিইবি ভবন থেকে জাতীয় প্রেসক্লাব অভিমুখে বর্ণাঢ্য শোভাযাত্রার সময় নানান লেখা সম্বলিত ফেস্টুন, ব্যানার প্রদর্শন করা হয়।