জালিয়াতির দায়ে একজনের পরীক্ষা বাতিল

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:০৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এ ইউনিটের দুই হাজার ২৯৬ আসনের বিপরীতে ৩৮ হাজার ৭৬৮জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদিকে পরীক্ষার সময় বোরহানউদ্দিন কলেজ কেন্দ্র থেকে জালিয়াতির অভিযোগে এক ভর্তিচ্ছুর পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আমজাদ আলী জানান, পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মশিউর রহমান নামের এক ছাত্রের কাছে একটি মোবাইল ফোন পান দায়িত্বরত শিক্ষকরা। পরীক্ষা শুরু হওয়ার পর ঐ মোবাইলে প্রশ্নের উত্তর সম্বলিত এসএমএস আসে। বিষয়টি টের পেয়ে ওই পরীক্ষার্থী পালিয়ে যায়। পরে তার পরীক্ষা বাতিল করা হয়।