বিটিভির কারিগরি সহায়তা ও স্থাপনা ব্যবহার করে সংসদ বাংলাদেশ টিভি চ্যানেলের কার্যক্রম চালানো হবে। নতুন এ চ্যানেলটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা অব্যাহত থাকবে। এ বিষয়ে বৃহস্পতিবার সংসদ সচিবালয় ও বিটিভির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, সংসদ বাংলাদেশ টিভি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমঝোতা স্মারক অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে গণ্য হবে এবং সমঝোতা স্মারকের মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। সংসদ সচিবালয়ের ব্রডকাস্টিং এন্ড ইনফরমেশন টেকনোলজি উইং এর মহাপরিচালক সৈয়দ আহমদ ও বিটিভির মহাপরিচালক ম. হামিদ নিজ নিজ সংস্থার পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, তথ্য সচিব মরতুজা আহম্মদ ও সংসদ সচিবালয় এবং বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
