ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আজ লিভারপুল যখন ফুলহ্যামকে আতিথ্য দিবে তখন দলটির কোচ ব্রেনডন রজার্স চাইবেন তার শীষ্যরা ভাল কিছু করুক। লিগের অপর খেলায় চেলসি আতিথ্য দিবে ওয়েস্ট ব্রোমউইচ অ্যলবিওনকে। তবে এ সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় খেলায় ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে লিগের শীর্ষ দল আর্সেনাল।
এছাড়া আজ অ্যাস্টোন ভিলা খেলবে কার্ডিফ সিটির বিপক্ষে, ক্রিস্টাল প্যালেস এভারটনের বিপক্ষে, সাওদাম্পটন হাল সিটির বিপক্ষে এবং নরউইচ সিটি খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে।
লিভারপুল গত সপ্তাহে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনালের কাছে ২-০ ব্যবধানে হেরে দলটির থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে পড়েছে। তবে বাজে খেলতে থাকা কোচ মার্টিন জলের দলের বিপক্ষে আজ অ্যানফিল্ডে জয় তুলে নিয়ে সঠিক পথে ফেরার মোক্ষম সুযোগ পাবে ব্রেনডন রজার্সের দলটি। গত মৌসুমে দুবারের মুখোমুখিতে লিভারপুলের কাছে সাতটি গোল হজম করেছিল ফুলহ্যাম। শেষ খেলায় ক্রাভেন কটেজে স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের হ্যাটট্রিকে স্বাগতিকদেরকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছিল লিভারপুল।
চলতি মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা এই ইংলিশ স্ট্রাইকার আটটি গোল করে সার্জিও আগুয়েরোর সাথে সর্বোচ্চ গোল দাতা। তাই সব ধরনের প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে হারা জলের দলটির সামনে আজ এই প্লেমেকারকে আটকানোর কোনো বিকল্প নেই। চোয়ালের ইনজুরির কারণে রাইট-ব্যাক গ্লেন জনসন আর্সেনালের বিপক্ষে খেলতে পারেননি। রজার্সের দলে শক্তি যোগাতে আজ মাঠে নামবেন এই ইংলিশ তারকা।
লিভারপুল কোচ জনসনের দলে ফেরা নিশ্চিত করে বলেন, ‘গ্লেন পুরোপুরি সুস্থ। এই সপ্তাহে সে ট্রেনিংয়ে অংশ নিয়েছে। তার যেটা হয়েছিল (চোয়ালে ইনফেকশন) তা খুব স্বাভাবিক একটা ব্যাপার। তবে আর একদিন আগে ধরা পড়লে গ্লেন আর্সেনালের বিপক্ষে খেলতে পারতো। ট্রেনিংয়ে সে ছিল দারুণ।’
গত সপ্তাহে নিজেদের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তার দল ৩-১ ব্যবধানে পরাজিত হওয়ার পর দারুণ সমালোচনার মুখে আছেন মার্টিন জল। তবে দল টানা খারাপ করতে থাকায় চাপের মুখে থাকা ফুলহ্যাম কোচ বরখাস্ত হওয়ার ভয়ে ভীত নন। ফুলহ্যাম লিগে তিনটি ম্যাচ জিতে এখন টেবিলের ১৬তম দল।
দলটির অবস্থা ফেরাতে পারবেন বলে এই আশা প্রকাশ করেছেন এই ডাচ কোচ। তিনি বলেন, ‘বিগত দশ বছরেও আমরা এরকম পরিস্থিতিতে পড়েছি। আশা করি এখান থেকে দলকে উদ্ধার করতে পারবো। কার্ডিফ সিটির অবস্থা একই রকম ছিল। তবে নগর প্রতিদ্বন্দ্বী সোয়ানসি সিটিকে পরাজিত করার পর তাদের অবস্থা ভাল। আমরা তেমন কিছুই করতে চাই। আমাদের চমক জাগানো একটা ম্যাচ দরকার। হতে পারে সেটা লিভারপুলের বিপক্ষেই।’
হোসে মরিনহোর চেলসি গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল। আজ স্টামফোর্ড ব্রিজে ওয়েস্ট ব্রোমের বিপক্ষে প্রিমিয়ার লিগে আবার জয়ের ধারায় ফিরতে চাইবে স্বাগতিকরা। ওই ম্যাচে হারের কারণে আর্সেন ওয়েঙ্গারের দলের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে আছে চেলসি। তবে গত বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগে শালকে জিরোফোরকে ৩-০তে বিধ্বস্ত করে আগের রূপে ফিরেছে ইংলিশ দলটি। মরিনহো চাইবেন এই খেলায় জিতে আর্সেনালের থেকে পয়েন্ট ব্যবধান কমাতে।
ইতিহাস চেলসির পক্ষে। সেই ১৯৮৪ সালে (৩৫ বছর আগে) স্টামফোর্ড ব্রিজে ওয়েস্ট ব্রোম সর্বশেষ স্বাগতিকদেরকে পরাজিত করেছিল। গত মার্চে চেলসির মাঠে দল দুটির মুখোমুখিতে দেম্বা বা’র গোলে জয় পেয়েছিল স্বাগতিকরা। শালকের বিপক্ষে দুই গোল করা স্যামুয়েল ইতোর বদলি হিসেবে নেমেছিলেন সেনেগালের এই স্ট্রাইকার। ফার্নান্দো তোরেসের উরুর ইনজুরির কারণে আজ প্রথম একাদশেই মাঠে নামতে পারেন বা।
