হিরো ইন্ডিয়ান ওপেনের দ্বিতীয় দিন শেষে নিজের শীর্ষস্থানকে আরো সুসংহত করেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। ৬৬তম হোলে পারের চেয়ে ছয় শট কম খেলে প্রথম দিন শেষ করা সিদ্দিকুর গতকাল দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের চাপচাই নিরাতের চেয়ে দুই শট কম খেলে শীর্ষস্থান ধরে রাখেন।
প্রায় সাড়ে বারো লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের গতকালের খেলা ভারী কুয়াশার জন্য নির্ধারিত সময়ের বেশ কিছুটা পরে শুরু হয়। এরপর মেঘলা আকাশ নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার ইতি টানতে বাধ্য করে। তবে এরমাঝের সময়টায় নিজের পারফরম্যান্সে দারুন খুশি দেশসেরা গলফার সিদ্দিকুর।
আগের দিনের মতোই আক্রমনাত্মক মনোভাব বজায় রাখা সিদ্দিকুর দিন শেষে বলেন, ‘আমি আজও আক্রমণাত্মক খেলেছি এবং এই নতুন ভঙ্গিটা আমি সত্যিই উপভোগ করছি। আমি আমার খেলায় খুব বেশী পরিবর্তন আনিনি। তবে এই মুহুর্তে যেভাবে খেলছি সেটা নিজের কাছে দারুন লাগছে। আমার পারফরম্যান্সও ছিল বেশ। বিশেষ করে কম দুরত্বের শট গুলো আমি ভালো খেলেছি।’
এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে শিরোপা না জেতার কোন কারণ দেখছেন জানিয়ে টুর্নামেন্টের দুই বারের রানার আপ তারকাটি বলেন, ‘এই গলফ কোর্সটি আমার কাছে অনেকটা নিজের মাঠের মতোই। এখানে আমার দারুণ কিছু স্মৃতি আছে। যেভাবে খেলছি তাতে আমার বিশ্বাস এবার শিরোপা জেতা সম্ভব। আর সেক্ষেত্রে আমি বাড়তি কিছু নয়, শুধু এই আক্রমনাত্মক ভঙ্গিটাই ধরে রাখতে চাই।’
