নরজরদারি এড়াতে জন ম্যাকঅ্যাফি’র ‘ডি-সেন্ট্রাল’

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:০৯
গোটা বিশ্বে এখন। ডিজািটাল ডিভাইসে বিভিন্ন প্রতিষ্ঠানে নজরদারি নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এমন সময়েই কম্পিউটার, মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইসে নজরদারি এড়াতে বিশেষ ডিভাইস তৈরির ঘোষণা দিয়েছেন ‘অ্যান্টিভাইরাস গুরু’খ্যাত জন ম্যাকঅ্যাফি। ‘ডি-সেন্ট্রাল’ নামের এই ডিভাইসটি বাজারে আসবে আগামী বছরের শেষের দিকে। আর এর দামও খুব বেশি হবে না। ১০০ মার্কিন ডলারের মধ্যেই মিলবে এই ‘ডি-সেন্ট্রাল’। বর্তমানে অবশ্য একটি মামলায় অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন প্রযুক্তিবিশ্বের এই বর্ণিল চরিত্র। অজ্ঞাত স্থান থেকে একটি ভিডিও’র মাধ্যমে এই ডিভাইসটির কথা জানিয়েছেন ম্যাকঅ্যাফি। এ সম্পর্কে তিনি ভিডিওতে বলেন, ‘এই হার্ডওয়্যারটির একটি প্রোটোটাইপ তৈরি হয়ে যাবে আগামী ছয় মাসের মধ্যেই। আমরা আশা করছি আগামী বছরের এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে এই ডিভাইসটি বাজারজাত করতে সমর্থ হব।’ এই হার্ডওয়্যারটি কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট পিসিসহ অন্যান্য মোবাইল ডিভাইসের সাথে সংযুক্ত হতে পারবে এবং এদের নেটওয়ার্কগুলোকে বিকেন্দ্রীকরণ করবে। এই নেটওয়ার্কগুলো ওয়েবে ভাসমান অবস্থায় প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে আচরণ করবে বলে এগুলোকে ট্র্যাক করা আক্ষরিক অর্থেই প্রায় অসম্ভব। এমনটিই দাবি করেছেন ম্যাকঅ্যাফি। তিনি জানান, বিভিন্ন সরকারি গোয়েন্দা সংস্থার শক্তিশালী সব সার্ভারের পক্ষেও এই ডিভাইস সনাক্ত করা সম্ভব হবে না। ফলে এটি ব্যবহার করে তৈরি নেটওয়ার্কে যুক্ত সকল ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে নিরাপদে। উল্লেখ্য, জন ম্যাকঅ্যাফি যুক্তরাজ্যে জন্মগ্রহণ করলেও পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রে বড় হন এবং পড়ালেখা করেন তিনি। নাসা’র ইনস্টিটিউ অব স্পেস স্টাডিজে প্রোগ্রামার হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু তার। পরে তিনি জনপ্রিয় অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ম্যাকঅ্যাফি গড়ে তোলেন। সর্বশেষ তিনি ফিউচার টেন্স সেন্ট্রাল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই প্রতিষ্ঠান থেকেই ‘ডি-সেন্ট্রাল’ বাজারে আনার ঘোষণা দিয়েছেন তিনি। ম্যাকঅ্যাফি’র এক প্রতিবেশী মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হলে তিনি আত্মগোপন করেন ও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন।