রানা প্লাজা ধস

১৫০ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
রানা প্লাজা ধসের উদ্ধার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসা ১৫০ জনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। এর আগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০০ কোটি টাকা দিয়েছিল। অনুষ্ঠানে গভর্নর বলেন, রানা প্লাজা ধসের পর সবার আগে এগিয়ে এসেছে সাধারণ মানুষ। তাদের জন্য এধরনের অনুষ্ঠান আয়োজনের ফলে তারা উত্সাহিত হবে। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংককে মানবিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে এ দুর্ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রায় ১০০ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। একই সঙ্গে অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও নিরাপত্তা বিশ্বমানে উন্নীত করতে জাইকা’র আর্থিক সহযোগিতায় একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল চালু করা হয়েছে। এছাড়া তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের লক্ষ্যে মাত্র ১০০ টাকায় হিসাব খোলার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রানা প্লাজা ধসের পর উদ্ধার কাজের সমন্বয়ে দায়িত্ব পালনকারী ও বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। বক্তব্য রাখেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক আতাউল হক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও এনাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান।