শেয়ারবাজারের পিই বেড়েছে

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:৫৮
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ব্যবধানে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই) ৪ দশমিক ১০ শতাংশ বেড়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমান গড় পিই রেশিও ১৪ দশমিক ৮১। আগের সপ্তাহে এ পরিমাণ ছিল ১৪ দশমিক ২৩। অর্থাত্ সপ্তাহের ব্যবধানে গড় পিই রেশিও বেড়েছে ০.৫৮। শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, গত সপ্তাহে বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণেই পিই রেশিও বেড়েছে। গেল সপ্তাহে চারদিন সূচকে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। ফলে পিই রেশিও বেড়ে গেছে। এদিকে পিই রেশিও সামান্য বাড়লেও বাজারে এখনো বিনিয়োগবান্ধব পরিবেশ আছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, বাজারে দীর্ঘদিন ধরে পিই রেশিও ১৫-এর নিচে অবস্থান করছে। যতদিন পর্যন্ত পিই রেশিও ১৫-এর নিচে থাকবে ততদিন পর্যন্ত বাজারে বিনিয়োগ নিরাপদ। এরপরও বিনিয়োগের ক্ষেত্রে সবদিক বিবেচনা করেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারে।