কলকাতায় চাঁদের হাট

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৩৭
তারকার হাট না বলে, চাঁদের হাট বলাই ভালো। কারণ তারা তারকাদের তারকা। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান, মিঠুন চক্রবর্তী—সবাই যেন অদ্বিতীয়। আর এই চাঁদের হাটের দেখা মিলবে রবিবার সন্ধ্যায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। আবার সায়েন্স সিটিতে সমাপনী উত্সবে সামিল হচ্ছেন রানি মুখার্জী, সুস্মিতা সেন, বিপাশা বসু। আজ থেকে শুরু হবে সিনেমার মহাযজ্ঞ, ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এ উত্সব ঘিরে ইতোমধ্যেই সেজে উঠছে তিলোত্তমা কলকাতা। মান্না দেকে স্মরণ করে তৈরি করা থিম সং করেছেন নচিকেতা। ১০ দিনের এই চলচ্চিত্র উত্সবে আছে বাংলাদেশের ‘টেলিভিশন’ ও তানভীর মোকাম্মেলের ‘১৯৭১’। দেওয়া হবে নেটপ্যাক পুরস্কারও। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পর্দা উঠবে যে আলোকজ্জ্বল সন্ধ্যায় অন্য সবার সঙ্গে থাকবেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবারের উত্সব কমিটির চেয়ারম্যান অভিনেতা রঞ্জিত মল্লিক। এবারের উত্সবে মোট ১৭টি ক্যাটাগরিতে দেখানো হবে ৬৩টি দেশের ১৮৯টি ছবি। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস ছবির হিন্দি ভার্সন ‘তাক ঝাঁক’। এ ছাড়া স্পেশাল ট্রিবিউট বিভাগে থাকছে প্রয়াত এই নির্মাতার ৮টি সিনেমা। এশিয়ান সিলেক্ট বিভাগে বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশনসহ ৯টি সিনেমা প্রদর্শন হবে। প্রামাণ্যচিত্র বিভাগে আছে তানভীর মোকাম্মেলের ‘১৯৭১’। দক্ষিণী পরিচালক গোপালকৃষ্ণের ‘রেট্রোস্পেকটিভ’ সিনেমা হিসেবে দেখানো হবে। এ ছাড়া ৫০ বছর অতিবাহিত হওয়া সত্যজিত্ রায়, তরুণ মজুমদার, তপন সিনহার ছয়টি বিশেষ ছবিও উত্সবে গোল্ডেন জুবিলি ক্যাটাগরিতে স্থান পেয়েছে। কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দনেই থাকেব ৮ দিনব্যাপী এ উত্সবের মূল স্পন্দন। উত্সবে ছবি প্রদর্শন হবে মোট ১৩টি ভেন্যুতে। এ ছাড়াও ভ্রাম্যমান প্রদর্শন যান চলচ্চিত্র উত্সবকে নিয়ে যাবে শহরের অলিতে-গলিতে। বলিউড শাহেনশাহ, কিং খান, ফাটাকেষ্ট। আর কী চাই? এক মঞ্চে যখন এতগুলো প্রিয় মুখ তখন তার জন্য দর্শকরাতো অপেক্ষা করবেনই। ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব আয়োজকদের প্রত্যাশা আয়োজনজুড়েই দর্শকরা বুঁদ হয়ে থাকবেন চলচ্চিত্রে। আর তাই এবারের উত্সবে স্লোগানও রাখা হয়েছে ৮ দিন সিনেমাকে দিন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের সব খবর জানতে দর্শকরা চোখ রাখতে পারেন চ্যানেল টোয়েন্টিফোরের পর্দায়।