অনেক গানের স্বীকৃতি চুরি হয়েছে তবু কষ্ট নেই :রাজীব হোসেন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২০:৩৮
এ দেশের একাধিক ব্যান্ড সেশনে বাজানোর পাশাপাশি নিজেও একজন সফল সুরকার ও কণ্ঠশিল্পী। রাজীবের একাধিক সুর ধ্রুবতারা ব্যান্ডদলটির সাথে সংশ্লিষ্ঠ থাকাকালীন এসআই টুটুলের জন্য করে থাকলেও পরবর্তীতে সিডি কাভারে টুটুল তার নিজের নামেই ব্যবহার করে এসেছেন। এমন অনেক অবজ্ঞা আর জোচ্চুরির খপ্পরে পড়েই অবশেষে সেই ব্যান্ড ছেড়ে সেশন মিউজিক করছেন। অতঃপর বর্তমানে অবসকিউরের সাথে রয়েছেন। এ দেশে এ প্রজন্মের সেরা গিটারিস্ট হিসেবে রাজীবের সুখ্যাতি সংগীতাঙ্গনের সর্বমহলে। পাশাপাশি এবারে দীর্ঘদিন পর নিজের সুরে একটি মিশ্র অ্যালবাম তৈরি করছেন। এ ছাড়া পাওয়ার ভয়েজের রিয়েলিটি শোয়ের দুই জন গায়কের ডেব্যু অ্যালবামও তৈরি করছেন। নিজের গানের ক্যারিয়ার প্রসঙ্গে বলেন, ‘আমি অনেক লাকি যে টিপু ভাইয়ের মতো মানুষের সাথে ব্যান্ড করছি। আক্ষেপ নয়, নিজের কাজের স্বীকৃতি যখন অন্যের নামে চলে যায়, তখন এর চেয়ে কষ্টের কিছু থাকে না। ফেস টু ফেস বা ধ্রুবতারা আমাকে সেই কষ্টই দিয়েছে। অনেক গানের স্বীকৃতি চুরি হয়েছে তবু কষ্ট নেই। সত্যের জয় একদিন হবেই। ‘একলা একলা লাগে’, ‘রাতের আকাশে’সহ একাধিক গান আমার নিজের সুর করা, অথচ নাম গিয়েছে তার। যাই হোক আমার নিজের গিটার, নিজের বাদ্য আমার আত্মার সঙ্গী বলে এমন আরও অনেক সুর আমি শ্রোতাদের উপহার দিতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। সেই লক্ষ্যেই আমি কাজ করে চলেছি।’