প্রতিষ্ঠার ৩য় বছর শেষে মোহনা টেলিভিশন আগামীকাল পদার্পণ করতে যাচ্ছে চতুর্থ বছরে। এ উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় মোহনা টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোহনা টেলিভিশনের চলমান এবং আগামী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহাম্মেদ মজুমদার। ‘বাংলার প্রতিচ্ছবি’ এই স্লোগানে চ্যানেলটি প্রতিদিনের সংবাদ এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের দিয়েছে বস্তুনিষ্ঠ সংবাদ ও নির্মল বিনোদন। প্রতিটি বিশেষ দিবসে দর্শক-শ্রোতাদের উপহার দিচ্ছে অসংখ্য ব্যতিক্রমী অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্র। এরই ধারাবাহিকতায় এবং দর্শকদের চাহিদা বিবেচনা করে মোহনা টেলিভিশন আগামী ১১ নভেম্বর থেকে তার পর্দায় নিয়ে আসছে ব্যাপক পরিবর্তন। আগামী প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম প্রহর থেকেই টিভি পর্দায় মোহনা টেলিভিশনের পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তারা। নিজেদেরকে প্রথম সারির একটি চ্যানেলে দাঁড় করানোর অঙ্গীকার গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন। নাটক, লাইভ অনুষ্ঠানের শিল্পী বাছাই, রিয়েলিটি শো, অনুষ্ঠানের সেট, টকশোসহ সব ধরনের অনুষ্ঠাইন তারা এবার সাজাবেন নতুন আঙ্গিকে। শুধু দেশীয় চ্যানেলই নয়, বিদেশি চ্যানেলের সঙ্গেও প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেন তারা। প্রতিষ্ঠাবার্ষিকী থেকেই এই পরিবর্তন দেখা যাবে মোহনার পর্দায়। তবে পুরোপুরি পরিবর্তন দেখা যাবে জানুয়ারি মাস থেকে।
