নাগেশ্বরীতে আটক উট ছেড়ে দিয়েছে বিজিবি!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০১
নাগেশ্বরীতে ভারতীয় ৭টি উট আটক করে ছেড়ে দিয়েছে বিজিবি। গভীর রাতে সেগুলো ট্রাক বোঝাই করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে ভূরুঙ্গামারীর বাগভান্ডার ভারতীয় সীমান্ত দিয়ে চোরাকারবারীরা ৭টি উট নিয়ে এসে নাগেশ্বরীর সাপখাওয়া স্কুল মাঠে রাখে। বাগভান্ডার বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার মকবুল হোসেন ও রামখানা বিজিবির নায়েক সুবেদার আব্দুল মতিন সেগুলো আটক করে। এলাকাবাসী জানায়, চোরাকারবারীদের সাথে দরকষাকষি শেষে সন্ধ্যায় উটগুলো ছেড়ে দেয়া হয়। পরে ঢাকা গাবতলী এলাকার ব্যবসায়ী উটের মালিক সফি গভীর রাতে সেগুলো ট্রাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাগভান্ডার বিজিবি ক্যাম্প ইনচার্জ সুবেদার মকবুল বলেন বৈধ কাগজপত্র থাকায় সেগুলো ছেড়ে দেয়া হয়েছে।