কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পোল্ট্রি মুরগির বাজারে ধস নেমেছে। বৃৃহস্পতিবার বিভিন্ন ফার্মে পাইকারী পোল্ট্রি মুরগি বিক্রি হয়েছে ৮০ টাকা কেজি দরে। উপজেলার পৌর এলাকা ও ৯টি ইউনিয়নের ৫ শতাধিক পোল্ট্রি মুরগির ফার্ম রয়েছে। ক্রমাগত লোকসানের কারণে ইতিমধ্যে ৪ শতাধিক ফার্ম বন্ধ হয়ে গেছে।
প্রতিটি মুরগির ১ দিনের বাচ্চা বিক্রি হয়েছে ২৫ থেকে ২৬ টাকা। ফার্মে মুরগি উঠানোর পর ৩৫ থেকে ৪০ দিনে এর ওজন হয় প্রতিটি দেড় কেজি। মুরগির খাদ্য, ওষুধপত্র, কর্মচারীর বেতন ও আনুষঙ্গিক খরচ হয় প্রতিকেজিতে ১২০টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৮০ টাকা কেজি দরে। হরতাল ও মাছের দাম কম হওয়ায় পোল্ট্রি মুরগির চাহিদা কমে গেছে। সেই সাথে পোল্ট্রি খাদ্য ব্যবসায়ীদের মন্দা দেখা দিয়েছে। এদিকে মুরগির দাম কমে যাওয়ায় খামারিরা মুরগির একদিনের বাচ্চা ক্রয় করছে না।
