যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার হয়নি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৬
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল আলীম সিকদার হত্যা মামলা নিয়ে বিএনপির দুই গ্রুপ মুখোমুখী অবস্থানে রয়েছে। এক গ্রুপ মামলা থেকে সাবেক এমপিসহ বিএনপির নেতা-কর্মীদের নাম প্রত্যাহার এবং অপর গ্রুপ মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। দুই গ্রুপ পাল্টাপাল্টি মিছিল সমাবেশ করার ফলে যে কোন সময় আবার বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকা করা হচ্ছে। শুক্রবার গোড়াই লালবাড়ি গ্রামে গেলে নিহত আলীমের পরিবার কান্নায় ভেঙ্গে পড়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। ২৮ অক্টোবর রাতে মামলা হলেও আজ পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহত আলীমের পরিবার। মামলার বাদী মজিবর রহমান অভিযোগ করেছেন, হত্যা মামলার পর থেকে মামলার আসামিরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহারের জন্য। নিহতের বৃদ্ধ মা সুফিয়া বেগম, স্ত্রী জিয়াসমিন বেগম, পুত্র জাহিদ হোসেন, কন্যা আম্বিয়া ও ভাই মজিবুর রহমানসহ পরিবারের সদস্যরা হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ দিকে মামলায় উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং উপজেলা শাখা দলের সাধারণ সম্পাদক ও ১০ নং গোড়াই ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়াসহ ২০ জনকে আসামি করায় মামলা থেকে তাদের নাম বাদ দেয়ার জন্য বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছে উপজেলা বিএনপির একাংশ। এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না।