বড়াল নদী খননে কমিটির প্রতিবেদন পেশ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৬
বড়াল নদী খননের বিষয়ে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত আহবায়ক কমিটি বড়াল নদী খননের বিষয়ে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে বড়াল নদী খননসহ অন্যান্য বিষয়ে ৭ দফা সুপারিশ করা হয়েছে। বড়াল নদী খনন সংক্রান্ত কমিটির আহবায়ক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ. ক. ম মোজাম্মেল হক এমপিসহ কমিটির সদস্যরা গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়ী ঘাট থেকে বড়াল নদীর তীর ধরে বড়াল নদীর ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, চারঘাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে কমিটির সদস্যরা স্থানীয় জনগণ, জন প্রতিনিধি, বড়াল রক্ষা আন্দোলন কমিটির নেতৃবৃন্দ, পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাসহ নানাজনের সাথে কথা বলেন। মতবিনিময় করেন। সবার মতামত পর্যালোচনা করে ৭ দফা সুপারিশ করা হয়েছে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব এসএম মিজানুর রহমান জানান, এ রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই সুপারিশসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্টরা আন্তরিক হবেন।