নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে আফজাল হোসেন গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির মত্স্যজীবী দল নেতা আব্দুল কুদ্দুস গ্রুপের সেলিম (৩০) নামে এক যুবক ঘটনাস্থলে মারা যায়। শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আহত গুলিবিদ্ধ নাজিম উদ্দিনকে (৪২) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আধিপত্য বিস্তার, বামিহাল বাসস্ট্যান্ডের চাঁদাবাজি, চলনবিলের বিস্তীর্ণ এলাকার জেগে ওঠা খাস জমি ও খাস জলাশয়ের দখল নিয়ে বামিহাল দশোপাড়া গ্রামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন ও বামিহাল কলেজপাড়া এলাকার উপজেলা মত্স্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুস গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সেলিম ও নাজিম উদ্দিন বামিহাল বাজার চা পান করা অবস্থায় প্রতিপক্ষ আফজাল সমর্থকরা তাদের ওপর আগ্নেয়াস্ত্রসহ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে মারা যায় কুদ্দুস সমর্থক সেলিম ও আহত হয় আরো ৩ জন।
এদিকে সিংড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম ফয়েজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
