ভালুকায় যৌতুকলোভীকে বিয়ে না করায় কলেজ ছাত্রী সংবর্ধিত

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৭
বিয়ের আসরে যৌতুকলোভীকে বিয়ে না করে যৌতুককে না বলায় বৃহস্পতিবার ভালুকা উপজেলা প্রশাসন ইতি আক্তার নামের এক ছাত্রীকে সংবর্ধনা দিয়েছে। উপজেলা অডিটরিয়ামে ইউএনও ছরোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম প্রমুখ। জানা যায়, গত ১০ অক্টোবর উপজেলার গোয়ারী গ্রামে বিয়ের আসরে বর আমিনুল মোটর সাইকেল দাবি করে। এর প্রতিবাদে ইতি আক্তার নববধূর সাজ ত্যাগ করে যৌতুকলোভীকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। ইতি আক্তার রানী জানান, ‘ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বিধবা নারী সমাজকে রক্ষা করতে নিজ ছেলের সাথে এক বিধবার বিয়ে দিয়েছিলেন। আমি নিজের বিয়ে ভেঙে বাবাকে যৌতুকের অভিশাপ হতে মুক্তি দিতে পেরেছি। আমি আশা করি সবাই সোচ্চার হলে যৌতুককে সবাই না বলতে বাধ্য হবে।