গোদাগাড়ীতে অস্ত্র ও রূপীসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৮
রাজশাহীর গোদাগাড়ীতে অস্ত্র, মাদকদ্রব্য ও ভারতীয় রূপীসহ মতিউর রহমান বাবু ও ইতি খাতুন নামে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। জানা যায়, ১২ অক্টোবর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটায় বিশিষ্ট ব্যবসায়ী এফ এইচ আনছারীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে আনছারীর বাড়িতে কে বা কারা গুলি করে। এ ঘটনায় ১৩ অক্টোবর আনছারীর চাচাতো ভাই মনিরুজ্জামান বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা করেন। মোবাইলের সূত্র ধরে গতকাল শনিবার সকালে গোদাগাড়ী থানার পুলিশ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর মধ্যপাড়া এলাকা থেকে ২টি বিদেশী পিস্তল, ৪টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ১ কেজি গাঁজা, কোকেন, ২০ বোতল ফেন্সিডিল , ৪১টি মোবাইল ফোন, ৪৪টি বিভিন্ন কোম্পানির সিম কার্ড ও ১ লাখ ২০ হাজার ভারতীয় রুপিসহ স্বামী-স্ত্রীকে আটক করে। গ্রেফতারকৃত স্বামী-স্ত্রী চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসার কথা স্বীকার করেছে।