কাউখালীতে ছাত্রলীগের পদবঞ্চিত নেতাকর্মীদের গণপদত্যাগের হুমকি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৮
দীর্ঘ ১২ বছর পর ঘোষিত কাউখালী উপজেলা ছাত্রলীগের কমিটি অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করাকে কেন্দ্র করে গণপদত্যাগের হুমকি দিয়েছেন পদবঞ্চিতরা। পাশাপাশি ছাত্রলীগের নতুন উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ করে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে পাল্টা কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন তারা। গত বৃহস্পতিবার কাউখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তারা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এ কমিটিতে ৩০ বছরের ঊর্ধ্বে ব্যবসায়ী ও হোমিও ডাক্তারও রয়েছেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মো. মনিরুজ্জামান তালুকদার পল্টন, সুনীল কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক মঞ্জরুল মারুফ পিয়াল, সহ-দপ্তর সম্পাদক সুমল দাস, যুবলীগের সাধারণ সম্পাদক নাসির তালুকদার, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির স্বপন, স্বেচ্ছা সেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আ. কুদ্দুস, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ খান খোকন প্রমুখ।