বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:০৯
কুমিল্লায় দুইজনসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। মৌলভীবাজার মৌলভীবাজার-সিলেট মহাসড়কে গত শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের সম্মিলিত নাট্য-পরিষদের সভাপতি, নাট্যকার, অভিনেতা ও নির্দেশক নীহারেন্দু কর (৬০) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হন। সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের সাথে মুখামুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক নিহারেন্দু করকে মৃত বলে জানান। আহত অটো চালক সমশের সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি গ্রামে অটোরিকশার চাপায় গতকাল শনিবার আ. আমিন মুন্সীর মেয়ে মনি (১১) মারা যায়। সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকায় গত শুক্রবার রাতে ট্রাক চাপায় কাইয়ুম (৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়। মা-বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় কাইয়ূম ঘটনাস্থলেই মারা যায়। সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। গফরগাঁও (ময়মনসিংহ) গফরগাঁওয়ের শৈলসাব এলাকায় গত শুক্রবার সকালে ট্রাক্টরলড়ির সাথে যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফালু মিয়া (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। একটি ট্রাক্টরলড়ি গফরগাঁও থেকে পাগলা যাওয়ার পথে শৈলসাব এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাক্টরলড়ির চালককে আটক করে থানায় সোপর্দ করেন। লোহাগড়া (নড়াইল) নড়াইল সড়কের কালনা বেড়ী বাঁধ এলাকায় গত শুক্রবার পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে ওলিয়ার রহমান (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। পিকআপসহ চালককে পুলিশ আটক করেছে। রাজবাড়ী রাজবাড়ী রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় গত শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে সুক্লা রানী (৪১) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হন। সে স্থানীয় আইডিয়াল স্কুলের শিক্ষক। রাজবাড়ী থেকে পেড়াদাহগামী সার্টেল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। চাটমোহর (পাবনা) পাবনার চাটমোহরে গতকাল শনিবার দুপুরে ইঞ্জিনচালিত নসিমনের চাপায় আনকুটিয়া গ্রামের নায়েব আলীর ছেলে নয়ন (৬) মারা যায়। কাহালু (বগুড়া) বগুড়ার কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের রাস্তায় গত শুক্রবার দুপুরে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে দোদাই গ্রামের সিদ্দিকের ছেলে বকুল (২২) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার পিতাও গুরুতর আহত হন।