নন্দীগ্রামে মরণোত্তর চেক হস্তান্তর
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ গত শুক্রবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বীমার গ্রাহক মৃত মিনতি রানীর স্বামীর হাতে ৪৫ হাজার ১২৬ টাকার মরণোত্তর চেক হস্তন্তর করেন, পৌর মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত। ওই সময় উপস্থিত ছিলেন বীমার সিনিয়র নির্বাহী পরিচালক শামছুল হক, কমিশনার জালাল উদ্দিন ও সিনিয়র প্রকল্প ইনচার্জ সোহরাব হোসেন এসডি জিএম কোহিনুর আকতার প্রমুখ।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি আটক
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ গত শুক্রবার গভীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়াদ্দারকে তার বাড়ি থেকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বিএনপি সভাপতি আশরাফুল আলম বিগত হরতালে উপজেলার বারইপাড়া এলাকায় গাড়ী ভাঙ্গা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছেন। তাছাড়া সামনের হরতালগুলোতে তিনি এলাকায় বড় ধরনের নাশকতা এবং নৈরাজ্য সৃষ্টি করতে পারেন বলে আশঙ্কা বিরাজ করছে। এ সম্ভাবনায় তাকে আটক করা হয়েছে।
নাঙ্গলকোটে আজ থেকে থামবে আন্তঃনগর ট্রেন
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী আজ রবিবার পূরণ হবে। আন্দোলন-সংগ্রাম আর আবেদন নিবেদনের প্রেক্ষিতে উপজেলাবাসী পাচ্ছেন আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি। আজ থেকে ৭২১ আপ মহানগর প্রভাতী ও ৭২২ গোধূলি ট্রেনটি নাঙ্গলকোট রেল স্টেশনে যাত্রা বিরতি করবে। আজ প্রথম যাত্রা বিরতিকালে নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ রেল স্টেশনে উপস্থিত থেকে রেল মন্ত্রীসহ কর্তৃপক্ষকে অভিন্দন জানাবেন।
স্বরূপকাঠিতে জেলা প্রশাসকের মতবিনিময়
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর মতবিনিময় সভা গত শুক্রবার নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর স.ম ইমানুল হাকিম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শহীদুল্লাহ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক ও সাংবাদিক মো. নজরুল ইসলাম প্রমুখ।
ধামরাইয়ে আওয়ামী লীগের জনসভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গত শুক্রবার ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিরোধীদলের হরতালের প্রতিবাদে এক জনসভা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব এমএ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, লীগ নেতা শওকত হোসেন, মিজানুর রহমান, খালেদ মাসুদ, শহীদুল্লাহ, মতি প্রমুখ।
মোরেলগঞ্জে জামায়াত ভেবে ইশা আন্দোলনের নেতা আটক
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জে গত শুক্রবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত নেতা ভেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের দুই নেতাকে আটক করেছে। আটককৃতরা হল পৌর ইশা আন্দোলনের আমীর মোরেলগঞ্জ রওশন আরা ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক আনিসুর রহমান (৪০) ও ইশা আন্দোলনের উপজেলা সদস্য দক্ষিণ বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার হোসেন (৪৮)। থানা পুলিশের এসআই রফিক জানান, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হতে পারে।
মেহেরপুরে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ
মেহেরপুর প্রতিনিধি \ প্রশাসনের হস্তক্ষেপে মেহেরপুরের বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী আল্পনা খাতুনের বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল শনিবার ছিল আল্পনার বিয়ের নির্ধারিত দিন। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের হাসনাবাদ কলোনীর আলেক চাঁদের মেয়ে স্কুল ছাত্রী আল্পনা খাতুনের সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে বিয়ে ঠিক হয়। খোকসা গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুস সাত্তার (২০) বিয়ের পাত্র ছিল। গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার নির্দেশে আমঝুপি মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) সহযোগিতায় পিরোজপুর গ্রামের আনসার কমান্ডার সাবিরুল ইসলাম বিয়ে বাড়ি যান এবং প্রশাসনের উদ্ধৃতি দিয়ে বিয়ে বন্ধ করে দেন।
নূর-ই আলম বরগুনার শ্রেষ্ঠ ইউপি সচিব
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে সর্বোচ্চ সেবাদানের পাশাপাশি টাকা অর্জন করে সরকারি কোষাগারে জমা দেয়ার স্বীকৃতিসরূপ কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. নূর-ই আলম জেলার শ্রেষ্ঠ ইউপি সচিব নির্বাচিত হয়েছেন। ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠানে গত ৭ নভেম্বর তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন বরগুনার জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোহাম্মদ আলী।
ফেনীতে বুধ ও বৃহস্পতিবার বিএনপি’র ৪৮ ঘণ্টা হরতাল
পরশুরাম (ফেনী) সংবাদদাতা \ ফেনীতে আগামী বুধ ও বৃহস্পতিবার জেলা বিএনপি ৪৮ ঘণ্টা হরতাল ঘোষণা করে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও হরতালের সমর্থনে গতকাল শনিবার ফেনী জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসএসকে রোডস্থ সমবায় মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
বটিয়াঘাটায় নিরাপদ সড়ক চাই-এর কমিটি
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ নিরাপদ সড়ক চাই খুলনার বটিয়াঘাটা উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সাংবাদিক এসএম ফরিদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শান্তি মনি চাকমা। বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, নিসচার জেলা সভাপতি হাসিবুর রহমান হাসিব, সম্পাদক ইকবাল হোসেন বিপ্লব, এসএম রহিম, সাংবাদিক অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস ও মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন ডা. শেখ আব্দুল আজিজ, সাংবাদিক আজিজুর রহমান, মিজানুর রহমান, এফতেখার হোসেন প্রমুখ।
মিরপুর পৌরসভায় মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময়
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা\ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে উপজেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রণয়নে এক মত বিনিময় সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র হাজী এনামূল হকের সভাপতিত্বে পরিকল্পনার চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডিডিসি প্রা. লিমিটেডের নগর পরিকল্পনাবিদ মুনওয়ার সোহেল। পৌরসভার সচিব আনোয়ার হোসেনের সঞ্চালনে বক্তব্য রাখেন এলজিইডির নগর পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন, ডিডিসি প্রা. লিমিটেডের নগর পরিকল্পনাবিদ ইফতেখার ইউনুস।
নাগরপুরে বিএনপি নেতার গণসংযোগ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান গত শুক্রবার নাগরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া,এডভোকেট আব্দুস সাত্তার, আব্দুল হাই, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আ.ক.ম.ম.তোফাজ্জল হোসেন বাবুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া, আজহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে নুর মোহাম্মদ খান তার নেতাকর্মীদের নিয়ে সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা করেন।
ফুলপুরে অজ্ঞান পার্টির কবলে দম্পতি
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক দম্পতি। গত শুক্রবার রাতে ফুলপুর-বওলা সড়কের রূপসি ইউনিয়নের ঘোমগাঁও চৌরাস্তার মসজিদের বারান্দা থেকে গুরুতর আহতাবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে। পরে তাদের সাথে থাকা মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। স্বামী হক মিয়া (৩৪) ও স্ত্রী মিনা (২৫)। তাদের বাড়ি পূর্বধলা উপজেলার সাকনি পাড়া গ্রামে। পথিমধ্যে তাদের অজ্ঞান পার্টির সদস্যরা জোরপূর্বক বিস্কুট ও সেভেন আপের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মোবাইল ফোন, টাকাসহ সর্বস্ব নিয়ে যায়।
লোহাগাড়া জামায়াতের সেক্রেটারি গ্রেফতার
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা\ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মো. আসাদুল্লাহ ইসলামাবাদী (৪৫)-কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার পশ্চিম আধুনগরের মৌলভীপাড়াস্থ নিজ এলাকা থেকে জুমার নামাজের পর তাকে গ্রেফতার হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম জানান, তার বিরুদ্ধে পুলিশ হত্যা, গ্রাম পুলিশ হত্যা ও ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তিনি সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের একজন শিক্ষক ।
আশুগঞ্জে আইডিইবি গণপ্রকৌশল দিবস পালন
আশুগঞ্জ (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা \ গণপ্রকৌশল দিবস ও আইডিইবি এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার আশুগঞ্জে র্যালি ও আলোচনা সভা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে আইডিইবি সভাপতি ওমর খৈয়ামের সভাপতিত্বে এতে বক্ত্যব রাখেন আইডিইবি’র আশুগঞ্জ সাংগঠনিক জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক আলামিন, সিনিয়র সদস্য আতাউর রহমান, সদস্য আমিনুল ইসলাম নয়ন, সদস্য এইচ এম রাহিম, সদস্য ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থী নাজমুল হক সমীর প্রমুখ।
পশ্চিম সুন্দরবনের খাল থেকে তিন জেলে উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি \ গোপন সংবাদের ভিত্তিতে খুলনা পশ্চিম সুন্দরবনের সাপখালী এলাকা থেকে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে বনদুস্য আমিনুর বাহিনীর নিকট থেকে অপহূত তিন জেলেকে উদ্ধার করেছে। অভিযান পরিচালনাকালে গত বৃহস্পতিবার রাতে কুখ্যাত আমিনুর বাহিনীর প্রধান আমিনুর কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের গভীর অরণ্যে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় তিন জেলেকে। উদ্ধারকৃত জেলেরা হল, শ্যামনগরের চাঁদমোখা গ্রামের হেলাল, নুরুজ্জামান এবং নুর মোহাম্মদ। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাগির মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাগুরায় হিন্দু মহাজোটের পরিচিতি সভা
মাগুরা প্রতিনিধি \ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মাগুরা জেলা শাখার উদ্যোগে নবনির্বাচিত জেলা কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার প্রেসিডিয়াম সদস্য শ্রী বীরেন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি কবি পরেশ কান্তি সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার বিশ্বাস (হিমু), সিনিয়র সহ-সভাপতি বলরাম বসাক প্রমুখ। সভায় বক্তারা জাতীয় সংসদে হিন্দুদের ৬০টি সংরক্ষিত আসন, সরকারি চাকরিতে ২০ শতাংশ কোটা ও দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটিসহ সাত দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাসাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল শুক্রবার টাঙ্গাইলের বাসাইল উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে ২০১২ সালের বৃত্তিপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ অধ্যাপক শওকত মোমেন শাজাহান এমপি। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, প্রধান আলোচক ছিলেন নির্বাহী অফিসার শাহীন আরা বেগম। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তানভীর আহমেদ, পৌর মেয়র মজিবর রহমান, বাসাইল ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল প্রমুখ।
রায়পুরায় ছাত্রলীগ নেতার গণসংযোগ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের সাবেক জিএস এস. এম. কাইয়ুম। গত শুক্রবার গণসংযোগকালে সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদেকুর রহমান সরকার, সাবেক আইন বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সেলিম, ছাত্রলীগ নেতা নূরে আলম, রাকিবুল কবীর, এম এ আলমগীর, তোফাজ্জল হোসেন মদন, মাসুক সিকদার, আফাজ উদ্দিন, মাজহারুল পান্না, সামসুল হুদা, মোঃ ইউসূফ, তারেগ তৈরাগী প্রমুখ।
ধামরাইয়ে আওয়ামী লীগের জনসভা
ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ গত শুক্রবার ধামরাইয়ের কাওয়ালী পাড়া বাজারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিরোধী দলের হরতালের প্রতিবাদে এক জনসভা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, লীগ নেতা শওকত হোসেন, মিজানুর রহমান, খালেদ মাসুদ, শহীদুল্লাহ, মতি প্রমুখ।
বেগমগঞ্জে পাঁচশ ইয়াবাসহ দুইজন গ্রেফতার
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা\ গত শুক্রবার রাতে নোয়াখালী গোয়েন্দা পুলিশ বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজার থেকে পাঁচশ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডি বি পুলিশের একটি দল শুক্রবার রাতে বেগমগঞ্জ উপজেলার কেন্দুর বাগ বাজারের জালাল ষ্টোরে তল্লাসি চালিয়ে পাঁচশ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে। এ সময় পুলিশ মাদক বিক্রেতা জালাল ষ্টোরের মালিক তোফায়েল আহমদ লিটন ও নূর আলম মোল্লাকে গ্রেফতার করে। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের হয়।
চট্টগ্রামে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান
চট্টগ্রাম অফিস \ কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহ আলম বীরোত্তম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাসুদা আক্তার আবেদীন। সভাপতিত্ব করেন মুহাম্মদ মুজিবুর রহমান।
বীরগঞ্জে বন্ধু চুলার উপর মতবিনিময়
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বলরামপুর মাতাপুরী পল্লীতে বন্ধু চুলার গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা। মতবিনিময় সভায় বন্ধু চুলা প্রস্তুতকারী জিআইজেড কোম্পানির বিভাগীয় ব্যবস্থাপক গোলাম কিবরিয়া বলেন, ২ বছরে উপজেলার ৫ শতাধিক গ্রামে প্রায় ৩ হাজার চুলা সরবরাহ করা হয়েছে। এই চুলা পরিবেশবান্ধব জ্বালানি সাশ্রয়ী ও ধোঁয়া-কালিমুক্ত। খড় কাঠ, গুড়িসহ সকল জ্বালানিই এতে ব্যবহার করা যায়। বলরামপুর মাতাপুরী গ্রামের ৭৩টি পরিবার এই চুলা ব্যবহার করায় গ্রামটিকে শতভাগ ব্যবহারকারী হিসাবে ঘোষণা করা হয়। পর্যায়ক্রমে জেলার ১৩টি উপজেলায় স্বল্পমূল্যে বন্ধু চুলা দেয়া হবে। -প্রেসবিজ্ঞপ্তি
বাঘায় মাদকাসক্তকে পুলিশে দিলেন মা
রাজশাহী অফিস \ রাজশাহীর বাঘায় মাদকাসক্ত ছেলে শাদিহ হোসেন (২৫) কে গতকাল শুক্রবার দুপুরে পুলিশে দিয়েছেন মা শাহানারা বেগম। বাঘা থানার ওসি আবুল খায়ের জানান, আড়ানী পৌরসভার গোচর গ্রামের মৃত ইনতাজ মন্ডলের ছেলে শাদিহ হোসেনকে (২৫)। মাদক থেকে ফেরাতে ব্যর্থ হয়ে মা শাহানারা বেগম লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে শুক্রবার শাদিহ হোসেনকে গ্রেফতার করা হয়। শাদিহ হোসেনের সহোদর জনি জানান, শাদিহ নিজের বাড়ির জিনিসপত্র ছাড়াও মানুষের জমির ফসল বিক্রি করে মাদকের টাকা সংগ্রহ করতো। প্রতিবেশী মকুল হোসেন বলেন, শাদিহর বিষয়ে আরো আগেই সিদ্ধান্ত নেয়া উচিত ছিল।
রংপুরে মামলা থেকে শিক্ষক-কর্মকর্তার অব্যাহতি
রংপুর প্রতিনিধি\ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি-বিরোধী মঞ্চের ১২ জন শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের করা মামলার বিবাদীদের অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি চেয়ে বৃহস্পতিবার রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয় ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন তদন্তের পর আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ না পাওয়ায় মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।
ফেনীতে জালালাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
পরশুরাম (ফেনী) সংবাদদাতা\ ফেনীর মুহুরীগজ্ঞে শুক্রবার চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফেনী রেলস্টেশন সূত্র জানায়, শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের ৪টি চাকা ফেনীর মুহুরীগজ্ঞে লাইনচ্যুত হয়। ফলে ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন রাত ৩টায় এসে পৌঁছলে উদ্ধার কাজ শুরু হবে।
উখিয়ায় ৬ হাজার পিচ ইয়াবাসহ গাড়ি জব্দ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা বিজিবি চেকপোস্টের কর্তব্যরত বিজিবি সদস্যরা শুক্রবার রাতে টেকনাফ থেকে আসা চট্টগ্রামগামী একটি সুপারি ভর্তি গাড়িতে তল্লাশী চালিয়ে ৬ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ৬ জনকে আটক করে জব্দকৃত সুপারির গাড়ি ও ৬টি মোবাইলসহ উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে টেকনাফ উপজেলার ইসলামাবাদ গ্রামের মো. ফারুক, ডেইলপাড়া গ্রামের মো. ছৈয়দ আলম, বাহারছরা নোয়াখালী গ্রামের নুরুল আমিন, হাতির ছড়া গ্রামের মো. ছৈয়দুল ইসলাম, একই গ্রামের নুরুল আমিন ও এজাহার মিয়া। মরিচ্যা যৌথ চেকপোস্টের সুবেদার নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে হাবিলদার কাজী মুফিজ বাদী হয়ে অর্ধ কোটি টাকার মালামাল আটক দেখিয়ে মাদকদ্রব্য ও চোরাচালান আইনে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
রায়পুরায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরায় মেঘনা নদীর উপর সেতু নির্মাণের দাবীতে এলাকাবাসী পূর্বঘোষিত কর্মসূচী মোতাবেক গত শুক্রবার মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর ও বটতলী সড়কের সংযোগস্থল মেঘনা নদীর উপর সেতু নির্মাণের দাবী দীর্ঘদিনের। দলমত নির্বিশেষে এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয় কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এতে বক্তব্য রাখেন স্কুল শিক্ষক বোরহান উদ্দিন, চিকিত্সক খোরশেদ আলম, স্থানীয় জনপ্রতিনিধি ইউনুছ মেম্বার, জাহাঙ্গির মেম্বার, ব্যাংকার ইকবাল হোসেন মুরাদ, ফখরুল হাছান ও আদিল ভূঞা প্রমুখ।
বেগমগঞ্জে হামলা পাল্টা হামলা
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জের গোপালপুরে কতিপয় আওয়ামী লীগ সমর্থককে মারধর করার জের হিসাবে গত শুক্রবার আওয়ামী লীগ সমর্থকরা এক বিএনপি স্থানীয় নেতার বাড়িতে হামলা করে মারধর ও ভাংচুর করে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগের সমর্থকরা একই ইউনিয়নের তুলাচারা গ্রামে একটি সালিশ বৈঠক শেষে ফিরার পথে মানব কল্যাণ ক্লাবের নিকট এলে কতিপয় মুখোশধারী তাদের গাড়ির গতিরোধ করে তাদেরকে মারধর করে। এ ঘটনার জের হিসাবে শুক্রবার পাল্টা হামলা হয়।
পঞ্চগড়ে ৪৮ শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিল দু’বার
পঞ্চগড় প্রতিনিধি \ কেন্দ্র সচিবের অবহেলায় জেএসসি পরীক্ষায় ৪৮ শিক্ষার্থীকে একই দিন দু’বার পরীক্ষা দিতে হয়েছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। জানা গেছে, গত শুক্রবার জেএসসি পরীক্ষায় ওই কেন্দ্রের দুইটি কক্ষের ৪৮ জন শিক্ষার্থীকে ২০১২ সালের সিলেবাস অনুযায়ী বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র দেয়া হয়। এ সকল শিক্ষার্থী কিছু না বুঝেই পুরো সময় পরীক্ষা দেয়। পরীক্ষা শেষে তারা বুঝতে পারে প্রশ্নটি ছিল ২০১২ সালের সিলেবাস অনুযায়ী। তাত্ক্ষণিকভাবে তারা বিষয়টি কেন্দ্র সচিবকে জানালে তিনি পুনরায় ২০১৩ সালের সিলেবাস অনুযায়ী বিকেল ৪টা ৫০ মিনিটে পরীক্ষা গ্রহণ শুরু করেন।
নেত্রকোনার সাংস্কৃতিক ব্যক্তিদের মতবিনিময়
নেত্রকোনা প্রতিনিধি \ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকির নেত্রকোনা শিল্পকলা একাডেমি পরিদর্শনকালে তাকে একাডেমির পক্ষ হতে এক সংবর্ধনা প্রদান ছাড়াও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির পরিচালক ড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে গত শুক্রবার সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার মান্নু (উপ-সচিব), একাডেমির সম্পাদক সানাওয়ার হোসেন ভুঁইয়া, লোকসঙ্গীত গবেষক গোলাম এরশাদুর রহমান, শিল্পকলা একাডেমির সদস্য হাবিবুর রহমান রতন, উদীচী সভাপতি মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।
সৈয়দপুরে খুদে আঁকিয়াদের চিত্র প্রদর্শনী
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত খুদে আঁকিয়েদের আঁকানো চিত্র নিয়ে চিত্র প্রদর্শনী গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। শিশুদের ছবি আঁকার স্কুল রংতুলি ও সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সার্গাম সঙ্গীত বিদ্যালয় যৌথভাবে দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে স্থান পেয়েছে খুদে শিক্ষার্থীদের আঁকা শতাধিক জল ও তৈলচিত্র চিত্র। আয়োজক প্রতিষ্ঠান রংতুলির প্রশিক্ষক জাহিদ আক্তারী জানান, শিশুদের আঁকা ছবিতে বাংলাদেশের গ্রাম ও শহরের নানা দিক সুন্দরভাবে ফুটে উঠেছে। শিশুদের মধ্যে উত্সাহ ও অনুপ্রেরণা যোগাতে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
সুন্দরগঞ্জে তিস্তা সেতু নির্মাণ সিদ্ধান্তকে স্বাগত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ উপজেলায় তিস্তা সেতু নির্মাণে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে স্থানীয় উত্সবমুখর সাধারণ মানুষ। জানা গেছে, গতকাল শনিবার গাইবান্ধার সুন্দরগঞ্জে শত শত মানুষ এমপি কাদের খানের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রায় মেতে উঠে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য কর্ণেল (অবঃ) ডাঃ আঃ কাদের খানের আপ্রাণ চেষ্টায় হরিপুর-চিলমারী তিস্তা সেতু নির্মাণ প্রকল্প একনেকের বৈঠকে পাস হওয়ায় কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মানুষ উল্ল¬সিত । দেড় কিলোমিটার এ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৩০ কোটি টাকা।
চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন
চট্টগ্রাম অফিস \ গার্মেন্টস শ্রমিকদের বেতন কমপক্ষে আট হাজার টাকা করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নগরীর সিইপিজেড মোড়ে এ কর্মসূচি আয়োজন করে শ্রমিক অধিকার রক্ষা সামাজিক কমিটি। জানা গেছে, সমাবেশে বক্তারা তাদের দাবি মানতে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে দাবি না মানলে ওই দিন সমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করে দেন।
মাগুরায় মাশরুম উত্পাদন ও বিপণন কর্মশালা
মাগুরা প্রতিনিধি \ মাশরুম চাষীদের নিয়ে দিনব্যাপী মাশরুম উত্পাদন ও বিপণন কর্মশালা গতকাল শুক্রবার মাগুরা সদর উপজেলার বড়খড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। মঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর আঃ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় মাশরুম উন্নয়ন সম্প্রসারণ কেন্দ্র সাভার ঢাকার প্রকল্প পরিচালক ড. নিরোদ চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাশরুম ফাউন্ডেশনের সভানেত্রী পারভীন ইসলাম, ফরিদপুর হর্টি কালচারের উদ্যান তত্ত্ববিদ কার্তিক চক্রবর্তী, জাতীয় মাশরুম উন্নয়ন কেন্দ্রের মাশরুম কর্মকর্তা আকতার জাহান কাকন ও জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আঃ মজিদ।
