ইয়েমেনে ফের ড্রোন হামলায় নিহত ৫

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪০
ইয়েমেনে ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আবিয়ানে দুটি ড্রোন হামলায় পাঁচজন সন্দেহভাজন আল-কায়েদা সদস্য নিহত হয়েছে। তবে ড্রোন দুটি আমেরিকা প্রশাসনের নাকি ইয়েমেন প্রশাসনের তা নিশ্চিত করা হয়নি বিবৃতিতে। এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে ড্রোন দুটি আমেরিকা প্রশাসনের। এ বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ক্ষমতা ত্যাগের পর থেকে সেখানে আরব উপদ্বীপভিত্তিক আল-কায়েদা গ্রুপসহ বেশ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চল থেকে তেল পরিবহনসহ পশ্চিমাদের নানাবিধ স্বার্থের কথা বিবেচনা করে এ অঞ্চলে আল-কায়েদার সক্রিয়তাকে মার্কিন প্রশাসন বড় ধরনের হুমকি হিসাবে দেখে আসছে। গতবছর মার্কিন সেনা ও ইয়েমেনের সেনাবাহিনী যৌথভাবে দেশটির দক্ষিণাঞ্চলে আল-কায়েদার বেশ কয়েকটি শক্ত ঘাঁটিতে হামলা চালায়। এ অঞ্চলে আল-কায়েদার বিরুদ্ধে প্রায়ই মার্কিন বাহিনীর ড্রোন হামলার কঠোর সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তাদের অভিযোগ, নির্বিচারে ড্রোন হামলার ফলে আল-কায়েদার পাশাপাশি প্রা্য়ই সাধারণ জনগণ মারা যায়। ইয়েমেনে শিয়া মুসলিম এবং সুন্নি মুসলিমদের মধ্যে জাতিগত সংঘাত অব্যাহত রয়েছে। গত শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় শহরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।