সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় হোটেলে গাড়ি বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদাভিত্তিক জঙ্গি সংগঠন আল সাবাব। দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা ফারাহ আদেন রয়টার্সকে বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে গাড়ি বোমা হামলায় হতাহতদের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তাকর্মী। গাড়ি বোমা হামলার ফলে হোটেলের বাইরে রাখা কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। মোগাদিসুর ব্যস্ততম এলাকায় অবস্থিত এ হোটেলে বোমা বিস্ফোরণের পর পর এলাকাটি ঘিরে ফেলে নিরাপত্তাকর্মীরা। হামলার পর সোমালি প্রধানমন্ত্রী আবদী ফারাহ শিরধন এক বিজ্ঞপ্তিতে বলেন, এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। এ হামলার ফলে শান্তির বিপক্ষের শত্রুরা আরো একবার তাদের আসল চেহারা দেখালো। কাপুরুষের মতো সন্ত্রাসী হামলা করে সোমালিয়ার মানুষকে দমিয়ে রাখা যাবে না। সোমালি সরকার এধরনের হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এদিকে হামলার পর দায় স্বীকার করেছে আল সাবাব। আল সাবাবের মুখপাত্র শেখ আবুলাজিজ আবু মুসকাব আল জাজিরাকে বলেন, আমাদের এ হামলার লক্ষ্য ছিল নিরাপত্তারক্ষী এবং তাদের কর্মকর্তারা।
