টম আর লুক। কুমিল্লার এক অনাথ আশ্রমের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও তহবিল সংগ্রহের উদ্দেশ্যকে সামনে রেখে এই দুই ব্রিটিশ নাগরিক লন্ডনের ব্রিকলেন থেকে সাইকেলে চেপে প্রায় পনের হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন তাদের লক্ষ্য বাংলাদেশে। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজেদের এই দুঃসাহসিক যাত্রা আর উদ্দেশ্য সম্পর্কে জানান দু’জনেই।
কুমিল্লার নূর-ই-ফরিদ নাসরিন একাডেমীটি ২০১১ সালে অনাথ, সুবিধা বঞ্চিত ও চরম দারিদ্র্যে জীবন-যাপন করা ২০ জন শিশুর পূর্ণ তত্ত্বাবধায়নের দায়িত্ব নেয়। টম-লুকের এই প্রয়াসও এদের জন্যই। উভয়ে কুমিল্লার একাডেমিতে শিশুদের সাথে দুই সপ্তাহ কাটাবেন। এই সময়ে তারা বাচ্চাদের বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্টে প্রশিক্ষণ দেবেন।
এ ব্যাপারে টম বলেন, ‘আমি শিশুদের সঙ্গে দু’সপ্তাহ সময় কাটানোর জন্য অধীর আগ্রহী। শিশুদের বিভিন্ন খেলাধুলা যেমন ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন এবং ক্রিকেট প্রশিক্ষণ দেব। এর পাশাপাশি শারীরিক প্রশিক্ষণ ও খেলাধুলা বিষয়ক শিক্ষকের সাথেও আলাপ ও পরিকল্পনা করব যেন আমরা চলে যাওয়ার পরেও তাদের খেলাধুলা অব্যাহত থাকে।’
মা নাসরিন করিমের স্বপ্ন এই অনাথ আশ্রম বাস্তবায়ন করতে পেরে বেশ আনন্দিত মিশাল করিম জানালেন, একাডেমিতে শিশুদের নিজস্ব ক্রিকেট, ফুটবল মাঠ ও ব্যাডমিন্টনের ব্যবস্থা রয়েছে। সম্প্রতি বাস্কেটবল খেলারও ব্যবস্থা করা হয়েছে। ছোটবেলা থেকেই এসব শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে এবং আমি আশাবাদী ভবিষ্যতে অনেকেই এখান থেকে জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারবে।’
ব্রিকলেন টু বাংলাদেশ নামের এই অভিযানে দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান সাহায্য করছে। দৈনিক ইত্তেফাক এবং ক্লিক ইত্তেফাক এই আয়োজনে অন্যতম মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে।
