সিরিজ হারলো পাকিস্তান

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২১:৪৭
ব্যাটসম্যানদের ব্যর্থতায় গত শুক্রবার আবারো দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হলো পাকিস্তান। ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে ২৮ রানে পাকিস্তানকে পরাজিত করে একটি ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়াসরা । এই ম্যাচের আগে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক তার দলের ব্যাটম্যানদেরকে তাদের দায়িত্ব সঠিকভাবে পালনের তাগিদ দিয়েছিলেন। কিন্তু এদিনও ব্যাটসম্যানদের ব্যর্থতায় হারতে হয় মিসবাহ’র দলকে। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা ভাল অবস্থানেই ছিলাম। কিন্তু স্টেইনের একটি ওভারই সব বদলে দিয়েছে।’ প্রথমে ব্যাট করতে নেমে কুইন্টন ডি কক এবং হাশিম আমলা এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকাকে দারুণ সূচনা এনে দেন। দলীয় ৮৭ রানের মাথায় আমলা আউট হলেও এদিনই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন কক। আমলা ব্যক্তিগত ৪৬ রানে সাজঘরে ফেরেন। এরপর আর কোনো প্রোটিয়াস ব্যাটসম্যান ক্রিজে স্থায়ী ঠিকানা গাড়তে পারেননি। কক ১৩৫ বল খেলে নয়টি চার এবং একটি ছয়ের মারের সাহায্যে ১১২ রান সংগ্রহ করেন। তবে জেপি ডুমিনি ২১ বলে একটি ছয় এবং একটি চারের মারের সাহায্যে ২৫ এবং রায়ান ম্যাকলরেন ২১ বলে তিনটি চার এবং একটি ছয়ের সাহায্যে ২৮ রান সংগ্রহ করলে পঞ্চাশ ওভার শেষে প্রোটিয়াদের রান দাঁড়ায় পাঁচ উইকেটে ২৬৬ রান। মোহাম্মদ হাফিজ এবং জুনাইদ খান দুটি করে উইকেট শিকার করেন। জবাবে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটসম্যান দারুণ সূচনা এনে দেন। দলীয় ৭৯ এবং ব্যক্তিগত ৪৩ রানে রান আউট হন আহমেদ সেহজাদ। তারপর ৮৬ রানে তিন উইকেট হারিয়ে ফেলে মিসবাহ-উল-হকেদ দল। এরপর আসাদ মাকসুদ এবং মিসবাহ ৮৮ রানের জুটি গড়লে বিপদ থেকে বের হয়ে আসার ইঙ্গিত দেয় পাকিস্তান। মাকসুদ ছয়টি চার এবং একটি ছয়ের সাহায্যে ৫৬ রান এবং মিসবাহ চারটি চার এবং একটি ছয়ের মারের সাহায্যে ৬৫ রানের ইনিংস খেলে আউট হন। এই দুই ব্যাটসম্যান জয়ের ভতি গড়ে দিলেও শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি পাকিস্তান। ১৮০ রানে তারা পাঁচ উইকেট হারায়। এরপর ২২৮ থেকে আর মাত্র দশ রান যোগ করতেই বাকি পাঁচজন পাকিস্তানি ব্যাটসম্যান আউট হন। এই ধ্বংসের কাজটি করেন ইনজুরি সেরে দলে ফেরা ডেল স্টেইন। এই পেসার ২৫ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন। এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া আগের তিন ম্যাচে আট উইকেট শিকার করা পাকিস্তানি বংশোদভুত ইমরান তাহির এদিন এটকি উইকেট শিকার করেন। প্রোটিয়া অধিনায়ক এবি ডিভিলার্স স্টেইনের প্রশংসা করে বলেন, ‘স্টেইনের দলে ফেরা দারুণ ব্যাপার। আমি পাশে থেকে তার আক্রমণাত্মক মনোভাব দেখেছি।’ এর আগে এই দুই দল ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে। এর মধ্যে পাকিস্তান কোনোটিতেই জিততে পারেনি।