বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক আরো ৩০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হবে। পেট্রোবাংলা সূত্র জানায়, বিবিয়ানা গ্যাসক্ষেত্র সম্প্রসারণের কাজ চলছে। এই কাজ শেষ হলে সেখান থেকে নতুন করে এই পরিমাণ গ্যাস উত্তোলন করা হবে।
সম্প্রসারণ কাজের ইতিমধ্যে ৬০ ভাগ শেষ হয়েছে। নতুন এই গ্যাস শিল্প ও বিদ্যুত্ উত্পাদনে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। বিবিয়ানার যে চারটি নতুন গ্যাস কূপ খনন করা হয়েছে সেখান থেকে এই গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া আরো নতুন সাতটি কূপ খনন করা হচ্ছে বিবিয়ানাতে। এরমধ্যে ছয়টি শেষ হয়েছে। একটির কাজ চলছে। শেভরন পরিচালিত বিবিয়ানায় অন্যসব ক্ষেত্র থেকে বেশি গ্যাস উত্তোলন করা হয়। প্রতিদিন গড়ে এখান থেকে ৮৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। একইসাথে বছরে প্রায় চার হাজার ব্যারেল কনডেনসেট উত্তোলন করা হয়। বর্তমানে সারাদেশে প্রতিদিন গড়ে ২৩০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। বিবিয়ানা থেকে ধনুয়া গ্যাস পাইপলাইনের কাজ এগিয়ে চলেছে বলে পেট্রোবাংলা সূত্র জানায়। পেট্রোবাংলার উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ২০১৪ সালের মধ্যেই এই গ্যাস পাইপ-লাইনের কাজ শেষ হবে। তখন সাভার-কালিয়াকৈর-গাজীপুর অঞ্চলে বিবিয়ানার নতুন এই গ্যাস সরবরাহ সম্ভব হবে। এতে ঐ অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের চাপ কিছুটা বাড়বে।
