বাপ্পার সুরে পূজা

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২০:১৮
‘দূরে দূরে’, ‘বৃষ্টির গান’, ‘তুমি আমার গান’গুলোর মাধ্যমে গত বছরজুড়েই আলোচনায় ছিলেন এই প্রজন্মের গায়িকা বাঁধন সরকার পূজা। চলতি বছর বেলাল খানের সঙ্গে তার ‘তোমার ছোয়া’ এবং ইমরানের সঙ্গে গাওয়া ‘মানে না মন’ গান দুটি জনপ্রিয়তা পায়। এদিকে দ্বিতীয় একক অ্যালবামের সাফল্যের ধারাবাহিকতায় এবার নিজের তৃতীয় এককের কাজ শুরু করেছেন পূজা। সম্প্রতি এই অ্যালবামের জন্য বাপ্পা মজুমদারের সুর-সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘মেঘে মেঘে আজ কাটে বেলা, ভেজা ভেজা এই মন’- এমন কথার এই গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন। এর মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন বাপ্পা মজুমদারের, পূজা ও ফয়সাল। সম্প্রতি বাপ্পার মগবাজারস্থ স্টুডিওতে এই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। রোমান্টিক এই গানটি স্থান পাবে পূজার তৃতীয় একক অ্যালবামে।