টানা হরতাল আর রাজনৈতিক অস্থিরতায় নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে চাল, আটা, ময়দা ও চিনির দামে আগুন লেগেছে। বাজারে এসব খাদ্যপণ্যের দাম ২ থেকে ৬ টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। খুচরা ব্যবসায়ীরা জানান, রাজনৈতিক পরিস্থিতি সহিংস হয়ে উঠায় বড় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তাদের মুনাফা লিপ্সার কারণে খুচরা বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখি হচ্ছে। এ অবস্থায় সাধারণ মানুষ উত্কণ্ঠিত হয়ে পড়েছে।
গত ৭ দিনের বাজার মূল্যের চেয়ে হরতালের কারণে চাল কেজি প্রতি ২ টাকা থেকে ৬ টাকা বেশি দরে বিক্রি হয়েছে। চালের সঙ্গে আটা-ময়দার দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজারে ২৫ টাকা কেজির আটা ৩০ টাকা এবং ৩২ টাকার ময়দা ৩৭ টাকায় বিক্রি করা হচ্ছে। ক’দিন আগে ৪৪ টাকা কেজি দরের চিনি ৪৮ টাকা থেকে ৫২ টাকায় বিক্রি করা হচ্ছে। পণ্যের আমদানি ও মজুদে কোন ঘাটতি না থাকলেও মুনাফালোভী বড় ব্যবসায়ীরা কারসাজির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করেছে বলে সূত্র জানিয়েছে।
