হাটহাজারীতে দুই শিক্ষকের কারাদণ্ড

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২০:২৩
জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম হাটহাজারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাংলা প্রথম পত্রের ১৮টি লিখিত খাতা জমা না দেয়ায় দুই শিক্ষককে এক মাস করে দণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন— জোবরা পিপি উচ্চ বিদ্যালয়ের সতীন্দ্র নারায়ণ রায় ও ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মো. আবু তাহের। শুক্রবার ছিল জেএসসির বাংলা ১ম পত্রের পরীক্ষা। হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উক্ত পরীক্ষা শেষে হল পরিদর্শকগণ সবকটি খাতা অফিসে জমা দিলেও ১৮টি খাতা কম পাওয়া যায়। কেন্দ্র সচিব বিষয়টি তাত্ক্ষণিক মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানালে তিনি তা উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে ১৮টি খাতা পরীক্ষার হলে টেবিলের উপর পাওয়া যায়। কেন্দ্রসচিব আলী আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে ঐ কক্ষে দায়িত্ব পালনকারী দুই কক্ষ পরিদর্শককে ডেকে আনা হয়। বিষয়টি কক্ষ পরিদর্শকদের দায়িত্ব অবহেলা প্রমাণ হওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান পান্না উক্ত দুই শিক্ষককে এক মাস করে দণ্ড দিয়েছেন।