রমনা বটমূলে বোমা হামলা মামলার আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। গতকাল রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এ মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। কারাগারে থাকা ৯ আসামিকে আদালতে হাজির করা হয়।
সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রুহুল আমিন আসামিদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনানোর পর আসামিদের কোন বক্তব্য আছে কি-না তা জিজ্ঞাসা করেন। এ সময় তারা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে ৯ আসামির মধ্যে ৮ জন নির্দোষ দাবি করার সপক্ষে বক্তব্য লিখিতভাবে আদালতে জমা দেন। আসামি শাহাদাত উল্লাহ জুয়েল বাক প্রতিবন্ধী হওয়ায় ইঙ্গিতে নিজেকে নির্দোষ দাবি করেন। তার পক্ষে কোন লিখিত বক্তব্য দাখিল করা হয়নি।
আসামি শেখ ফরিদ, মাওলানা সাব্বির ও মাওলানা আকবর হোসেন আদালতে সাফাই সাক্ষী দিবেন বলে তাদের আইনজীবীরা জানান। সংশ্লিষ্ট আদালতের বিচারক রুহুল আমিন আগামী ২০ নভেম্বর সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য করেন। গত ২৩ অক্টোবর রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলাটির ৮০ জন সাক্ষীর মধ্যে ৬০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
