আগামী শুক্রবার পহেলা অগ্রহায়ণ ১৪২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নবান্ন উত্সব ১৪২০ অনুষ্ঠিত হবে।
‘এসো মিলি সবে নবান্নের উত্সবে’র আহ্বানে জাতীয় নবান্নোত্সব উদযাপন পর্ষদ এ উত্সবের আয়োজন করছে। কৃষিনির্ভর বাঙালির গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই জাতীয় নবান্নোত্সব উদযাপন পর্ষদ প্রতি বছর এই আয়োজন করে।
এদিকে সকাল ৭টায় বাঁশির সুরে নবান্ন উত্সব শুরু হবে। পরে থাকবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি, বাউলগান, আদিবাসী পরিবেশনা, রায়বেঁশে ইত্যাদি। দেশের বিভিন্ন সঙ্গীত ও নৃত্য সংগঠন এবং শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করবেন। সকাল ১০টায় অনুষ্ঠিত হবে নবান্ন শোভাযাত্রা। উত্সব সকলের জন্য উন্মুক্ত।
