স্যামসাং আর এলজি বাঁকানো স্মার্টফোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে প্রযুক্তিবিশ্বকে। তাদের দেখাদেখি আরও অনেকেই এমন বাঁকানো ডিসপ্লে’র স্মার্টফোন তৈরির দিকে ঝুঁকে পড়েছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অ্যাপল’র নাম। ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই খবরটি প্রকাশ করা হয়েছে। নাম না প্রকাশের শর্তে অ্যাপল’র বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে পরিচিত একজন জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে বাঁকানো ডিসপ্লেবিশিষ্ট দুইটি মডেলের আইফোন বাজারে ছাড়বে অ্যাপল। আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন৫-এর তুলনায় নতুন এই স্মার্টফোনগুলো আকারেও হবে বড়। এদের একটির পর্দা হবে ৪.৭ ইঞ্চি এবং অন্যটির পর্দা হবে ৫.৫ ইঞ্চি। আর ফোনগুলোতে ব্যবহারের জন্য নতুন সেন্সরও তৈরি করছে অ্যাপল। ফোনে স্পর্শ করার মাত্রা অনুযায়ী এই সেন্সর কাজ করতে সমর্থ হবে। এ বিষয়ে অবশ্য অ্যাপল’র পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
