অনলাইন মাল্টিপ্লেয়ার গেমগুলোর মধ্যে জনপ্রিয়তায় বরাবরই এগিয়ে রয়েছে ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট। ১৯৯৪ সালে ওয়ারক্রাফট সিরিজের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়া গেম নির্মাতা ব্লিজার্ড এন্টারটেইনমেন্ট। এরপর ২০০৪ সালে এই সিরিজের গেম হিসেবে মুক্তি দেওয়া হয় ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট। জনপ্রিয়তার ধারাবাহিকতায় একে একে এর চারটি বর্ধিত পর্বও মুক্তি দেওয়া হয়। সর্বশেষ ২০১২ সালে ‘মিস্টস অব পান্ডারিয়া’ নামে চতুর্থ বর্ধিত পর্বটি মুক্তি দেওয়া হয়। এরপর থেকেই পরের বর্ধিত পর্বটির অপেক্ষায় ছিলেন এই গেমের ভক্তরা। তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই সম্প্রতি ‘ওয়ারলর্ডস অব ড্রেইনর’ নামের নতুন বর্ধিত পর্বের ঘোষণা দিয়েছে ব্লিজার্ড। অবশ্য কবে নাগাদ গেমটি তৈরি শেষ হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি তারা।
