ফিলিপাইনে ত্রাণের জন্য হাহাকার

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২০:১৮
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের পর দুর্গতরা বিশুদ্ধ পানি এবং খাবারের জন্য হাহাকার করছে। তেকলোবান প্রদেশের লোকজন বিবিসির কাছে তাদের ক্ষুধা এবং বিশুদ্ধ পানির অভাবের কথা জানান। যুক্তরাজ্যে ফিলিপাইনের রাষ্ট্রদূত সেনেন ম্যাঙ্গেলাইল বলেছেন, বিশ্ববাসী আগে এ ধরনের প্রলঙ্কয়করী ঘূর্ণিঝড় দেখেনি। প্রায় সাড়ে চার লাখ মানুষের বাস্তুচ্যুতি ঘটেছে। এর বেশিরভাগ মানুষই এখন বিশুদ্ধ পানি, খাবার এবং আশ্রয়ের অভাবে মানবেতর জীবনযাপন করছে। ফিলিপাইনে রেডক্রসের প্রধান রিচার্ড গর্ডন এ ঘূর্ণিঝড়কে প্রলঙ্কয়করী ঝড় হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, প্রচুর পরিমাণ আন্তর্জাতিক সহায়তা আসার অপেক্ষায় থাকলেও ঝড়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় তা মানুষের কাছে পৌঁছানো বিরাট চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছে। ফিলিপাইনে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ।