ইরান হুমকির কাছে নতি স্বীকার করবে না

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২০:১৮
ইরান কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। তাছাড়া, দেশের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও ইরান ত্যাগ করবে না বলে জানান তিনি। বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে জেনেভা আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হওয়ার পর রবিবার ইরানের পার্লামেন্টে দেয়া এক ভাষণে রুহানি একথা বলেন। তিনি বলেন, পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকারের ক্ষেত্রে ইরানের কিছু ‘রেড লাইন’ আছে, তা অতিক্রম করা যাবে না। পশ্চিমাদের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আপোসরফার চেষ্টার মধ্যে রুহানি দেশের কট্টরপন্থিদেরকে পাশে রাখতে পার্লামেন্টে এ দৃঢ়চেতা বক্তব্য রাখলেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জেনেভা বৈঠক শনিবার মধ্যরাতের পর শেষ হয় এবং আগামী ২০ নভেম্বর দু’পক্ষ আবার বৈঠকে বসবে বলে সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমাদের সন্দেহ, ইরান পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে ইরান তাদের এ কর্মসূচিকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত বলে দাবি করে আসছে। ছয় বিশ্বশক্তি ইরানকে যে প্রস্তাব দিচ্ছে তা মেনে নিলে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় সামান্য ছাড়ের বিনিময়ে পরমাণু কর্মসূচি অবিলম্বে বন্ধ করতে হবে।