গুরুদাসপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি ভবন সাত বছর পূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ঐ ঝুঁকিপূর্ণ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ১৪০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষা দিচ্ছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক উদ্বিগ্ন। জেএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা জানান, পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীরা পরীক্ষা দেয়ায় আমরা উদ্বিগ্ন। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
কেন্দ্র সচিব গুরুদাসপুর মডেল পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. আফছার আলী বলেন, এ পরিত্যক্ত ভবনের বিষয়টি শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ স্কুলে পরীক্ষা কেন্দ্র হওয়ায় প্রতি বছরই সমাপনী, জেএসসি ও এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, ভেন্যু না থাকায় ঐ ভবনে পরীক্ষা নেয়া হচ্ছে। লিখিতভাবে বার বার জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ভবন যে কোন সময় ধসে পড়তে পারে।
